বিমানবন্দরে ৭ কেজি স্বর্ণসহ আটক তিনজন আবারো রিমান্ডে

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাত কেজি স্বর্ণ উদ্ধারে গ্রেপ্তার ৩ জনের আবারো ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডপ্রাপ্তরা হলেন, সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মী কবির আহমেদ, চোরাকারবারী মোরশেদ আলম ওরফে খোরশেদ ও তার গাড়িচালক হেলাল আহামেদ। গতকাল সোমবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আমিত কুমার দে এ আদেশ দেন। গত ৮ জানুয়ারি মঞ্জুর হওয়া ৫ দিনের রিমান্ডশেষে গতকাল আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) পরিদর্শক কাজী ওয়াজেদ আলী। একইসঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের আবারো হেফাজতে নিয়ে ৭ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রার্থনা করেন।