বাণিজ্যমেলা প্রতিদিন
বিনামূল্যে ত্বক চুল ও দাঁতের পরীক্ষা, মিলছে ওষুধও
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২২:১৬
বিনামূল্যে ত্বক, চুল, দাঁত, কাপড় কিংবা পানি পরীক্ষা করাতে চাইলে যে কেউ চলে আসতে পারেন বাণিজ্য মেলায়। কারণ মেলায় ইউনিলিভারের প্যাভিলিয়নে এসব পরীক্ষার সুব্যবস্থা রয়েছে। এখানে বিশেষ ক্যামেরার সাহায্যে মাথার স্কীন পরীক্ষা করে দেওয়া হচ্ছে সমস্যার সমাধান। মাথার ত্বকের নানা সমস্যার জন্য তাদের রয়েছে কয়েক ধরনের শ্যাম্পু। এছাড়া দাঁতের নানা সমস্যা টেস্ট করে ওষুধ হিসেবে ব্যবহারের জন্য দেয়া হচ্ছে পেপসোডেন্ট টুথপেস্ট।
শীতের তীব্রতা কমে যাওয়ায় এখন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতাদের ভিড়ে সরগরম থাকছে মেলা প্রাঙ্গণ। মেলায় প্রবেশের পরেই মাইকে পণ্যের বিজ্ঞাপন এবং বাণিজ্য মেলার মানচিত্র দেখে দর্শনার্থী ও ক্রেতারা ছুটে যাচ্ছেন পছন্দের স্টল ও প্যাভিলিয়নগুলোতে। মেলায় ইউনিলিভার এর প্যাভিলিয়নটি খুঁজতে খুব বেশি বেগ পেতে হবে না। মেলার প্রধান গেট দিয়ে প্রবেশ করে ডানদিকে সামান্য গেলেই দেখা মিলবে এই ব্যতিক্রমধর্মী প্যাভিলিয়নটির।
প্রতি বছরের ন্যায় এবারও তারা মেলায় এসেছে নতুন ও আকর্ষণীয় পণ্য নিয়ে। এগুলোর মধ্যে রয়েছে সাবান, শ্যাম্পু, লোশন, ক্রিম, ফেসওয়াস, সেভিং ক্রিম ইত্যাদি। অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে পানির ফিল্টার ‘পিউর ইট’ ও কাপড় কাচার ‘সারফেক্সেল’। মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি বিভিন্ন পণ্যের উপর ২ থেকে ৬৫ টাকা ছাড় দিচ্ছে।
ইউনিলিভার এর প্যাভিলিয়নে ঢুকে দেখা গেল, অনেক দর্শনার্থী দাঁত এবং হেয়ার টেস্ট করাচ্ছেন এবং সমস্যার সমাধানও পাচ্ছেন সঙ্গে সঙ্গে। উত্তরা থেকে মেলায় এসেছেন রাইজান ও সাকিরা। শাকিরা জানান, ‘মেলা শুরু হওয়ার পর এই প্রথম এসেছি।
প্রথমেই এলাম ইউনিলিভারের প্যাভিলিয়নে। কারণ এদের পণ্যগুলো আমার খুবই পছন্দের। প্যাভিলিয়নে এসে বিনামূল্যে ‘হেয়ার টেস্ট’ করালাম। মাথায় অনেক খুশকি থাকায় ওষুধ হিসেবে প্যাভিলিয়ন থেকে ক্লিয়ার শ্যাম্পু দিয়েছে।’
প্যাভিলিয়নের কর্মকর্তা মাহাবুব আলম অর্ণ ইত্তেফাককে জানান, শুরু থেকেই দর্শনার্থী ও ক্রেতারা আসছেন এবং বিনামূল্যে বিভিন্ন টেস্ট করাচ্ছেন। এ ক্ষেত্রে বিক্রির চেয়ে প্রচারণাটাই আমাদের প্রধান উদ্দেশ্য। তবে এবারের মেলায় বিক্রিতে ইউনিলিভার এক নম্বরে যেতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।