হরতাল সফল করতে বাম মোর্চার মতবিনিময় সভা
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২২:১৭
আগামীকাল বুধবার দেশব্যাপী অর্ধদিবস হরতাল কর্মসূচি উপলক্ষে গণতান্ত্রিক বাম মোর্চা গতকাল তাদের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন শ্রেণী ও পেশার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে। এ সময় নেতৃবৃন্দ বলেন, বাড়ি ও গাড়ি ভাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে দেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জীবনে এমনিতেই নাভিশ্বাস উঠে গেছে।
মতবিনিময় সভায় বাম মোর্চার নেতৃবৃন্দ বলেন, আইএমএফের নির্দেশে সরকার বৃদ্ধি করেছে জ্বালানি তেলের দাম। আবার বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ হয়ে পড়েছে আরো কোণঠাসা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে আগামীকাল সারাদেশে অর্ধদিবস হরতাল আহ্বান করা হয়েছে।
বাম মোর্চার পক্ষ থেকে হরতাল সফল করার জন্য উপস্থিত বিভিন্ন শ্রেণী ও পেশার সংগঠনসহ সর্বস্তরের জনগণের প্রতি সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়াও মতবিনিময় সভা থেকে আন্দোলনরত নন-এমপিও শিক্ষকদের ওপর আবারও পুলিশের পিপার সেপ্র করার তীব্র নিন্দা জানানো হয়। এদিকে হরতালের সমর্থনে আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণতান্ত্রিক বাম মোর্চা গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।
মতবিনিময় সভায় মোর্চার সমন্বয়ক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সভাপতিত্ব করেন। মোর্চার পক্ষে উপস্থিত ছিলেন সাইফুল হক, মোশরেফা মিশু, শামীম ইমাম, আবদুস সাত্তার, মহিনউদ্দীন চৌধুরী লিটন প্রমুখ। বিভিন্ন শ্রেণী ও পেশার সংগঠনগুলোর মধ্যে ট্রেড ইউনিয়ন ফেডারেশন, প্রতিবেশ আন্দোলন, গার্মেন্ট শ্রমিক সংহতি, বিপ্লবী নারী সংহতি, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্রমৈত্রী, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন, ঢাকা পরিবহন সংহতি, বিপ্লবী ছাত্র সংহতি, বহুমুখী শ্রমজীবী, হকার সমিতি প্রভৃতি সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।