গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতল ‘আরগো’
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২২:১৮
এবার ৭০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস বাজিমাত করলেন বেন অ্যাফ্লেক। তিনি দুটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরস্কারের পাশাপাশি ইরানে জিম্মিদশা নিয়ে তার নির্মিত ছবি ‘আরগো’ জিতে নিয়েছে সেরা চলচ্চিত্রের পুরস্কার। অস্কার মনোনয়নে স্পিলবার্গের ‘লিঙ্কন’-এর চেয়ে পিছিয়ে থাকলেও গত রবিবার গোল্ডেন গ্লে¬াব অ্যাওয়ার্ডস-এর আসর নিজের করে নিলেন বেন অ্যাফ্লেক।
‘লিঙ্কন’ কেবল একটি পুরস্কার জিতেছে। এতে আব্রাহাম লিংকনের চরিত্রে অভিনয়ের জন্য ড্যানিয়েল ডে লুইস জিতে নিয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। ‘জিরো ডার্ক থার্টি’তে অভিনয়ের জন্য চলচ্চিত্রের সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জেসিকা চ্যাস্টেইন। খবর এএফপির।
সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন ক্রিস্টফ ওয়াল্টজ। সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অ্যান হ্যাথওয়ে। টম হুপার পরিচালিত ‘লা মিজারেবল’ কমেডি/মিউজিকাল বিভাগে দুটি প্রধান পুরস্কার জিতেছে। এই বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে ‘লা মিজারেবল’। এর প্রধান চরিত্রে অভিনয় করে বিভাগটির সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন হিউ জ্যাকম্যান। অস্কারে ৮টি মনোনয়ন পাওয়া ‘সিলভার লাইনিংস পে¬বুক’ অভিনেত্রী জেনিফার লরেন্স অর্জন করেছেন ‘কমেডি/মিউজিকাল’ বিভাগের সেরা অভিনেত্রীর পুরস্কার। সেরা চিত্রনাট্যের পুরস্কারটি গেছে ‘জ্যাঙ্গো আনচেইনড’ এর ঘরে। সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে মিশেল হ্যানাকের সিনেমা ‘আমোর’। ‘বেস্ট অরিজিনাল স্কোর’ এর পুরস্কার জয় করেছে ‘লাইফ অফ পাই’। ‘স্কাইফল’ সিনেমার থিমসংটির জন্য ‘সেরা সঙ্গীত’ এর পুরস্কার পেয়েছেন অ্যাডেল।
এছাড়া টেলিভিশন সিরিজ-ড্রামা, টেলিভিশন মিনি সিরিজেন জন্য বিভিন্ন পুরস্কার দেয়া হয়।