নওগাঁয় জোড়া খুনের প্রধান আসামি গ্রেফতার

নওগাঁ শহরস্থ সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার সরকারের স্ত্রী ও পুত্র হত্যা মামলার প্রধান আসামি সুমন কুমার সরকার ওরফে টিটুকে গ্রেফতার করেছে পুলিশ। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন হরিমঙ্গল গ্রাম থেকে টিটুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদকালে সে ঐ জোড়া খুনে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত টিটুকে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়। গত ১৭ ডিসেম্বর টিটু শহরের উকিলপাড়া মহল্লায় আলটিমেট ড্রীম নামের একটি বহুতল ভবনের ছয়তলার ভাড়াটিয়া জয়ন্ত কুমার সরকারের স্ত্রী নীতা সরকার ও ছয় বছরের পুত্র জয়তু সরকারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়। এ ঘটনায় ব্যাংক ব্যবস্থাপক জয়ন্ত কুমার সরকার টিটুকে আসামি করে গত ১৮ ডিসেম্বর নওগাঁ সদর থানায় একটি মামলা করেন। উল্লেখ্য, টিটু জয়ন্ত কুমার সরকারের চাচাতো ভাই।