বার কাউন্সিল প্রণীত বিধি গেজেট আকারে প্রকাশ না করা কেন বেআইনি নয়

জীবদ্দশায় বেনেভোলেন্ট ফান্ডের অর্থ উত্তোলন এবং অধস্তন আদালতে ২০ বছর প্র্যাকটিসের পর উচ্চ আদালতে মামলা পরিচালনার সুযোগ প্রদান সংক্রান্ত বাংলাদেশ বার কাউন্সিলের প্রণীত বিধি গেজেট আকারে জারি না করাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে এ দু’টি বিধিকে গেজেট আকারে প্রকাশে সরকারকে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলেছে আদালত। এক রিটের শুনানি শেষে বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন ও বিচারপতি মো. হাবিবুল গণির ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। উক্ত বিধি দুটি প্রজ্ঞাপন আকারে জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তার পক্ষে শুনানি করেন সাবেক এটর্নি জেনারেল এডভোকেট এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার হেদায়েত হোসেন। আদেশের পর খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ বার কাউন্সিলের সর্বশেষ নির্বাচনের মাধ্যমে যে নতুন প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করেন তারা গত ৬ ও ৮ অক্টোবর দু’টি বিধি প্রণয়ন করেন। এর একটি হলো- কাউন্সিলের সদস্যরা জীবিত অবস্থাতেই বেনেভোলেন্ট ফাণ্ডের অর্থের একটি অংশ উত্তোলন করতে পারবেন। অন্যটি হলো নিম্ন আদালতে ২০ বছর বা তার অধিক সময় ধরে যারা সুনামের সাথে আইন পেশায় নিয়োজিত রয়েছেন তাদের ভাইভা গ্রহণের মাধ্যমে উচ্চ আদালতে মামলা পরিচালনার (প্র্যাকটিস) সুযোগ করে দেয়া। তিনি বলেন, বিধি দু’টি প্রণয়নের পরপরই তা গেজেট নোটিফিকেশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। কিন্তু আজ পর্যন্ত তা গেজেট আকারে প্রকাশ করা হয়নি।