নড়াইলে সুলতান মেলার দ্বিতীয় দিনে হলো ষাঁড়ের লড়াই

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান স্মরণে নড়াইলে ১৩ জানুয়ারি শুরু হওয়া আটদিনব্যাপী সুলতান মেলার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। এসএম সুলতান ফাউন্ডেশন ও নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে সরকারি ভিক্টোরিয়া কলেজের ওয়েলিংটন মাঠে সোমবার বিকালে ঐ লড়াই হয়। বিভিন্ন এলাকা থেকে আসা ৪০টি ষাঁড় লড়াই করে। লড়াইয়ে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাসের ষাঁড় প্রথম স্থান, শিমুলিয়া গ্রামের কামরুল হোসেনের ষাঁড় দ্বিতীয় ও দিঘিরপাড় এলাকার কালাম হোসেনের ষাঁড় তৃতীয় স্থান অধিকার করেছে। নড়াইলের জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মো. জহুরুল হক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় নড়াইল জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সুবাসচন্দ্র বোস, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কোষাধ্যক্ষ রাজিব উদ্দিন আহম্মেদ চপল, সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন। বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোনের সহযোগিতায় আটদিনব্যাপী সুলতান মেলা অনুষ্ঠিত হচ্ছে।