যুক্তরাজ্যের অর্থোপেডিক সার্জনদের পঙ্গু হাসপাতালে বিনামূল্যে চিকিত্সা সেবা

শেরেবাংলা নগর জাতীয় অর্থোপেডিকস হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) গতকাল সোমবার যুক্তরাজ্যের বার্মিংহাম রয়েল কলেজের অর্থোপেডিকস সার্জনদের একটি বিশেষজ্ঞ দল বিনামূল্যে জটিল অপারেশন শুরু করে। গতকাল ১৩টি অপারেশন করেছে এই সার্জন দল। বোন টিউমার ও ক্যান্সারের অপারেশন এবং হাঁটু ও কোমরের হাড় সংযোজন করছে এই সার্জন দলটি। মূলত হাঁটু ও কোমরের হাড় সংযোজন অত্যন্ত ব্যয়বহুল চিকিত্সা। দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের পক্ষে এ অপারেশনের খরচ বহন করা সম্ভব নয়। আকিজ গ্রুপ অপারেশন ব্যয়ভার বহন করছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। যুক্তরাজ্য বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি ডা. বদরুল আমীনের উদ্যোগে পঙ্গু হাসপাতালে এ চিকিত্সা সেবা দিচ্ছে দলটি। বার্মিংহাম রয়েল কলেজের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডা. পিটার সায়মনের নেতৃত্বে ১০ সদস্যের দলটি এর আগে পঙ্গু হাসপাতালে রোগী নির্বাচিত করেন। আগামীকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত তারা ৫০ জন রোগীর অপারেশন করবেন। পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল আউয়াল রিজভী বলেন, যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দলটির জটিল অপারেশন দেখে এ হাসপাতালের চিকিত্সকদের দক্ষতা বৃদ্ধি পাবে।