ভর্তুকি কমানোর অজুহাতে
জ্বালানি তেলের দাম
বাড়িয়েছে সরকার
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২২:২৫
প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেছেন, ভর্তুকি কমানোর নামে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সরকারের একটি অযুহাত মাত্র। এ মূল্য বৃদ্ধি আইএমএফ-এর কাছ থেকে তিন বছরের জন্য ঋণ গ্রহণের শর্ত পূরণেরই বহিঃপ্রকাশ। বর্তমানে গ্যাস, কয়লা ও পানিভিত্তিক যেসব বিদ্যুত্ কেন্দ্র আছে, সেগুলো নবায়ন ও মেরামত করলেই সরকারি হিসাবে এক হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুত্ বেশি পাওয়া যেত; কিন্তু বিশ্ব ব্যাংকের অনিচ্ছা থাকায় সরকার এ পথে এগোয়নি।
প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর সভাপতিত্বে গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
তিনি বলেন, আবারো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কৃষিখাত, পরিবহনসহ সকল ক্ষেত্রে মূল্যস্ফীতির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আসন্ন সেচ মওসুমের আগে তেলের মূল্য বৃদ্ধি কৃষি উত্পাদনকে মারাত্মকভাবে ব্যাহত করবে।
তিনি আরো বলেন, তেলভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র থেকে আট থেকে দশ গুণ কম বিদ্যুত্ উত্পাদিত হয়। অথচ ভর্তুকি দিতে হচ্ছে অনেক বেশি। সরকার জনগণের স্বার্থে সহজ সমাধানের পথ ছেড়ে ভর্তুকির বোঝা জনগণের ঘাড়ে তুলে দিয়ে জীবন-যাত্রাকে বিপন্ন করে দিচ্ছে।
জোটের নেতৃবৃন্দ বলেছেন, জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধি, একের পর এক নারী নির্যাতন, গুম, হত্যা, আইন-শৃঙ্খলার চরম অবনতিসহ সীমান্তে হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচারের ধীরগতিতে সরকার ব্যর্থ হতে চলছে।
সভায় আরো বক্তব্য রাখেন মাওলানা জিয়াউল হাসান, অ্যাডভোকেট জাকির হোসেন, মাওলানা এম এ মতিন প্রমুখ।