বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুরের ছয় স্থানে স্থিতিশীল পরিবেশের দাবিতে মানবপ্রাচীর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করে শিক্ষার পরিবেশ বিনষ্ট ও নৈরাজ্য চলছে তা বন্ধে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে গতকাল সোমবার মহানগরীর ৬টি স্থানে দুই ঘন্টাব্যাপী মানবপ্রাচীর হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আওয়ামী লীগ, নাগরিক কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ, মহানগর নাগরিক কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ, ঘাতক দালাল নির্মুল কমিটি, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন এ মানবপ্রাচীর করে। লালবাগ মোড় কলেজ রোড, বাসটার্মিনাল, মেডিক্যাল মোড়, ডিসির মোড়, পৌর সভা মোড় ও প্রেসক্লাবের সামনে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ অন্তত তিন হাজার সচেতন নাগরিক অংশ নেন। পরে মহানগর নাগরিক কমিটি ডিসি বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। মহাপ্রাচীর চলাকালে বক্তব্য রাখেন—রংপুর সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র সরফুউদ্দিন আহমেদ ঝন্টু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রমিজ আহমেদ, নাগরিক কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম দুলাল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, কমিউনিস্ট পার্টির নেতা ওয়াদুদ সরকার প্রমুখ। এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সাধারণ শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, সাধারণ সম্পাদক ড. গাজী মাজহারুল আনোয়ার, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. রফিউল আজম খান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এইচ.এম তারিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে কতিপয় শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন মূলত দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার চক্রান্ত ও ষড়যন্ত্রেরই অংশ। প্রায় সকল শিক্ষকের চরিত্র হননের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকের সম্পর্কের যে ক্ষতি করার হীন চেষ্টা করা হচ্ছে তাতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা সবার সহযোগিতা কামনা করছি।