মে ধা বী র গ ল্প
‘পড়ালেখার শর্টকাট ওয়ে নেই’
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৩, ১৯:২২
মেহনাজ রওশন লরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিবিএ ফ্যাকাল্টি ফার্স্ট। তিনি বিবিএতে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ থেকে ৩.৯৭ সিজিপিএ গ্রেড অর্জন করেন। লরা শিক্ষক পরিবারের সন্তান। তার আব্বু-আম্মু এমনকি তার নানুও শিক্ষক। বাসা থেকে লরাকে পড়াশোনার জন্য কোনো চাপ দেয়া হতো না। যখন একটু বড় হয় তখনই তার পড়ার প্রতি ঝোঁক বাড়ে। যার কারণে সে রাবি স্কুল এন্ড কলেজের নবম ও দশম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে। সেই সাথে এস.এস.সি ও এইচ.এস.সিতে জিপিএ-৫ অর্জন করে। তারপর হিসাব বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষায় ৭ম স্থান অধিকার করে বিভাগে ভর্তি হয়ে প্রথম সেমিস্টারেই সিজিপিএ-৪.০০ লাভ করে। সেই থেকে পড়াশোনার প্রতি মনোযোগ আরো বেড়ে যায়। সবশেষে লরা বিবিএ ফ্যাকাল্টি ফার্স্ট হয়ে সেরাদের সেরা কাতারে অন্তর্ভুক্ত হয়। শুধু পড়ালেখায় নয় সবকাজেই রয়েছে তার উপস্থিতি। বিভাগের নানা অনুষ্ঠানগুলোতে সে উপস্থাপনার কাজ চালিয়ে যেতে পারে নির্বিঘ্নে। অবসর সময় কাটে বই পড়ে।
পরিবার থেকে পড়াশোনার কোনো চাপ নেই তবুও এত ভালো রেজাল্ট কিভাবে করলেন জিজ্ঞেস করলে লরা বলেন, ‘আসলে পড়ালেখার শর্টকাট কোনো ওয়ে নেই। আমি ট্রেডিশনাল কোনো নোট ফলো করি না। সবসময় আপডেট থাকি। নতুনকে আপন করে নিই। বেশি বেশি বই পড়ি আর ইন্টারনেটে সার্চ দিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন বই দেখি।’ তিনি আরো বলেন, ‘আমার ভালো রেজাল্টের পেছনে মূল কারণ হলো আমি সময়ের কাজ সময়ে করতাম।’ লরার নানু এম এ মণ্ডল হিসাব বিজ্ঞান বিষয়ের শিক্ষক ও একই বিষয়ের লেখক। নানুকে দেখে সে অনুপ্রেরণা পায়। আর তাই সে পেশা হিসেবে শিক্ষকতাকে বেছে নিতে চায়। তার ইচ্ছা শিক্ষকতার পাশাপাশি হিসাব বিজ্ঞান বিষয়ক যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন বই লেখা।