ফেদেরার, মারে, ওজনিয়াকি ও অ্যাজারেঙ্কার প্রত্যাশিত জয়আশঙ্কামুক্ত সেরেনা

রজার ফেদেরার, অ্যান্ডি মারে, ক্যারোলিন ওজনিয়াকি এবং শিরোপাধারী ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কা অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয়দিনে গতকাল মঙ্গলবার নিজ নিজ খেলায় প্রত্যাশিত জয় পেয়েছেন। এছাড়া খেলার মাঝপথে ইনজুরিতে পড়লেও শেষ পর্যন্ত সহজ জয়ই পান সেরেনা উইলিয়ামস। মেলবোর্ন পাকে প্রথমদিনের মতো গতকালও আবহাওয়া ছিল দারুণ। এর মধ্যেই প্রথম সেটের মাঝামাঝি গিয়ে হঠাত্ ছন্দপতন ঘটে সেরেনা উইলিয়ামসের খেলায়। ইদিনা গ্যালোভিট হলের বিপক্ষে কোর্টে নেমে স্বভাবসুলভ আগ্রাসী মনোভাবেই খেলছিলেন এই আমেরিকান। প্রথম সেটে সেরেনা যখন ৪-০ গেমে এগিয়ে ঠিক তখনই গ্যালোভিটসের একটা আপাতনিরীহ ফোরহ্যান্ডের পিছু ধাওয়া করতে গিয়ে পা পিছলে যায় তার। ডান পায়ের পাতায় আঘাত পেয়ে নির্জীব ভাবে কোর্টে পড়েও থাকেন খানিকক্ষণ। তবে একটু বাদেই সমর্থকদের আশঙ্কামুক্ত করে উঠে দাঁড়ান তিনি। এরপরে কোর্টের বাইরে গিয়ে কিছুক্ষণ হাঁটাচলা করার পরে পায়ে ভালভাবে প্লাস্টার বেঁধে আবার কোর্টে ফেরেন শিরোপা প্রত্যাশী খেলোয়াড়টি। এই অপ্রত্যাশিত আঘাত যদি রোমানিয়ান গ্যালোভিটসের মনে অঘটনের কোন আশা জাগিয়েও থাকে তবে তা মিইয়ে দিতে একদমই সময় নেননি টানা তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ায় আসা সেরেনা। কোন পয়েন্ট না খুঁইয়েই প্রথম সেটটি জেতেন তিনি। দ্বিতীয় সেটেও প্রথমটির পুনরাবৃত্তি ঘটায় পয়েন্টের খাতা না খুলেই অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিতে হয় বিশ্ব র্যাঙ্কিংয়ে ১১০ তম স্থানে থাকা গ্যালোভিটসকে। শেষ পর্যন্ত ৬-০, ৬-০ সেটে জয় পেলেও ম্যাচ শেষে সেরেনা স্বীকার করেছেন বড় ধরনের ইনজুরির আশঙ্কাই করেছিলেন তিনি। সেরেনা বলেন,‘আমার মনে হয় আমি বড় ধরনের বিপদের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। আর আতঙ্কও আমাকে ঘিরে ধরেছিল। কারণ গত বছরও প্রায় একই ধরনের ব্যাপার ঘটেছিল। শটটাও ছিল একই ধরনের।’ শীর্ষ বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কাও সহজ জয় দিয়েই শুরু করেছেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামটিতে। দ্বিতীয় সেটে এক পর্যায়ে ০-৩ গেমে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত জয় পেয়েছেন সরাসরি সেটেই। মনিকা নিকালেস্কুকে হারিয়েছেন ৬-১,৬-৪ ব্যবধানে। ম্যাচ শেষে সাংবাদিকরা আজারেঙ্কার কাছে জানতে চান তার প্রধান প্রতিদ্বন্দ্বী সেরেনার ইনজুরি তাকে কোন বাড়তি সুবিধা দিচ্ছে কিনা। জবাবে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন,‘আমি শুনেছি সে ০-০ ব্যবধানেই দুটি সেট জিতেছে। তাহলে কোন্ ধরনের ইনজুরি নিয়ে আমরা কথা বলছি?’ জার্মানির স্যাবিন লিসিকিকে ২-৬, ৬-৩, ৬-৩ সেটে হারিয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি। জয় পেয়েছেন সিডনি ইন্টারন্যাশনালের শিরোপা জয়ী অ্যাগনেইস্কা রাডওয়ানেস্কাও। অস্ট্রেলিয়ার বোজানা বোবাসিককে ৭-৫,৬-০ সেটে হারান তিনি। পুরুষ এককের অন্যতম দুই ফেভারিট ব্রিটেনের অ্যান্ডি মারে এবং সুইজারল্যান্ডের রজার ফেদেরার টুর্নামেন্ট শুরু করেছেন ফেভারিটের মতোই। মারে ৬-৩, ৬-১, ৬-৩ ব্যবধানে হারিয়েছেন নেদারল্যান্ডসের রবিন হাসেকে । অপরদিকে প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই ফেদেরার ৬-২,৬-৪,৬-১ গেমে জিতেছেন ফ্রান্সের বেনোইট পাইরের বিরুদ্ধে। তবে মঙ্গলবার কোর্টে বল গড়ানোর আগেই পেশাদার টেনিস খেলোয়াড়দের সংগঠন এটিপির নির্বাহী প্রধান এবং সভাপতি ব্রাড ড্রিয়েটের মোটর নিউরন ডিজিসে আক্রান্ত হওয়ার খবরটি শোকে আচ্ছন্ন করেছে খেলোয়াড় কর্মকর্তা সবাইকেই। এটিপি খেলোয়াড় কাউন্সিলের প্রধান রজার ফেদেরার এই ঘটনা সম্পর্কে বলেছেন এটি টেনিসপ্রেমীদের খুবই আবেগাক্রান্ত করে তুলবে।