¬তারকাদের বিশ্রামে রাখবেন ফার্গুসন

লিগে যে দুরন্ত ফর্মে আছে সেটা ধরে রাখার চ্যালেঞ্জ আছে ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে ম্যানইউ কোচ এফএ কাপে ফিরতি পর্বে আজকের ম্যাচটাকে দেখছেন আসলে খানিকটা পরীক্ষা-নিরীক্ষার জায়গা হিসেবে। ফলে আজ ওয়েস্টহ্যামের বিপক্ষে ম্যাচে বিশ্রামে থাকতে পারেন বেশ কয়েকজন তারকা। এফএ কাপে আজ নিজেদের মাঠে ম্যানইউ খেলবে ওয়েস্টহ্যামের বিপক্ষে। আর একইদিন আর্সেনালের প্রতিপক্ষ সোয়ানসি সিটি। প্রিমিয়ার লিগে ৭ পয়েন্ট এগিয়ে আছে ম্যানইউ; সেই ব্যবধান ধরে রাখার চাপ আছে। আছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে বড় ম্যাচের জন্য প্রস্তুতির ব্যাপার। সেইসঙ্গে গত সপ্তাহে চার দিনের ব্যবধানে তিনটি ম্যাচ খেলার ক্লান্তিও আছে। এসব মিলিয়ে আজ তারকাদের বিশ্রাম একরকম নিশ্চিত। যদিও স্যার অ্যালেক্স ফার্গুসন বলছেন, এই বিশ্রামের সঙ্গে ওয়েস্টহ্যামকে খাটো করে দেখার কোনো ব্যাপার নেই, ‘আজ জিতে আমরা পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করতে চাই। আসলে আমি এমনিতেই দলে নানারকম নাড়াচাড়া করছি। কারণ অনেকবেশি ম্যাচ খেলতে হচ্ছে আমাদের।’ আর ম্যানইউয়ের এই পরীক্ষার সুযোগ নিতে চায় ওয়েস্টহ্যাম। তাদের কোচ স্যাম অ্যালার্ডিস বলছেন, ম্যাইউয়ের অসামান্য রেকর্ড আর ক্ষমতার কথা তারা জানেন। তারপরও লড়াই করেই ফিরতে চান ওল্ড ট্র্যাফোর্ড থেকে। এদিকে আর্সেনাল নিজেদের সর্বশেষ ম্যাচের ধাক্কা কাটিয়ে উঠতে চাইবে নিজেদের ম্যাচে। লাউড্রপের আর সোয়ানসি সিটি চাইবে গত ডিসেম্বরে লিগে ঘটানো অঘটনের পুনরাবৃত্তি ঘটাতে।