বিয়ে করছেন রেদওয়ান রনি

নিজের ভেতরই এমনই একটা পণ ছিল যেন মনে মনে। যে নিজের প্রথম চলচ্চিত্র মুক্তির পরই নিজের জীবনকে বাঁধবেন অন্য মোড়কে। সেই পণ অনুযায়ী রেদওয়ান রনি এবারে বিয়ের পিঁড়িতে বসছেন আগামী ২২ জানুয়ারি। পাত্রীর নাম আয়েশা আহমেদ প্রেমা। দু’জনার পরিচয় থেকে প্রণয়ের সূত্র। নিজের এই নতুন অধ্যায়ে প্রবেশ প্রসঙ্গে রেদওয়ান রনি মজা করে বলেন, ‘জবাই হচ্ছি। তবে আমার সব কাজের শ্রেষ্ঠ সমালোচক হলো প্রেমা। তাই ওর সহযোগিতার জন্যই আমি অনেকখানি সাবধানী বা ভালো কাজের অনুপ্রেরণা পাই। বেশি বললে তো আবার আমাকে বউপাগলা বলবেন। তাই এর বেশি বলতে চাই না। খুব ভালোবেসে বিয়ে করছি। আজীবন সুখে কাটিয়ে দিতে চাই। এই আশীর্বাদটুকুই চাই সবার কাছ থেকে।’ উল্লেখ্য, গেল মাসে রেদওয়ান রনি’র প্রথম চলচ্চিত্র ‘চোরাবালি’ মুক্তি পায়। এ ছবিতে অভিনয় করেছেন কলকাতার ইন্দ্রনীল ও জয়া আহসান।