‘পাওয়ার ভয়েজ’-এর বিচারক বাপ্পা

চ্যানেল নাইনের রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েজ’-এর বিচারক হিসেবে যুক্ত হলেন সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। গত ১৪ জানুয়ারি ‘পাওয়ার ভয়েজ’ কর্তৃপক্ষের সঙ্গে বাপ্পা মজুমদারের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বাপ্পা মজুমদার বলেন, ‘এই অনুষ্ঠানের বিচারক হিসেবে যোগ দেওয়ার জন্য অনুষ্ঠার শুরুর প্রথম থেকেই চ্যানেল নাইন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়। কিন্তু নানা কারণে তা করা সম্ভব হয়ে উঠেনি। অবশেষে তৃতীয় রাউন্ডে এসে বিচারকের পদটা নেওয়া সম্ভব হলো। আমি এই অনুষ্ঠানের অনেকগুলো পর্ব দেখেছি। প্রতিভাবান অনেক প্রতিযোগী আছে এতে।’ উল্লেখ্য, ‘লুকিয়ে নয় চুটিয়ে গাও’ স্লোগান নিয়ে গত বছরে শুরু হয় ‘পাওয়ার ভয়েস’। এখন চলছে এই প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড। এতে বর্তমানে বাপ্পা মজুমদার ছাড়া বিচারকের দায়িত্বে আছেন সুবীর নন্দী, ইমন সাহা ও চিত্রনায়িকা মৌসুমী। আর মহাগুরু হিসেবে রয়েছেন রুনা লায়লা। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন আঁখি আলমগীর।