গৌরনদীতে অপহূত ছাত্র উদ্ধার হয়নি
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:১২
বরিশালের গৌরনদীতে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার বিক্ষুব্ধ জনতা ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। গৌরনদীর নিলখোলা নামক স্থানে ২ ঘণ্টাকালব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে। পরবর্তীতে পুলিশ ও রাজনৈতিক দলের নেতাদের অনুরোধে তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
টরকি বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র রানা দাসকে কতিপয় অপহরণকারী ২ দিন আগে কৌশলে অপহরণ করে পাচার করে। এ ঘটনায় গৌরনদী থানা পুলিশ সোমবার রাতে কার্তিক ভক্ত (২৫), সুলতান শরীফ (৪৮) ও তার স্ত্রী হেনা বেগম (৪০) গ্রেফতার করে। তবে পুলিশ অপহরণকারী দলের হেনা বেগমকে ছেড়ে দিয়েছে এ ধরনের গুজব ছড়িয়ে পড়ার পর গতকাল সকালে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। অপহূত স্কুল ছাত্রের বাবা কৃষ্ণ দাস জানান, রবিবার বিকেলে তার পুত্র রানা তার সহপাঠীদের নিয়ে টরকি বন্দরের আনোয়ারা প্রি-ক্যাডেটের নিকটস্থ একটি মাঠে ক্রিকেট খেলতে যায়। সেখান থেকে তাকে কৌশলে ডেকে নেয় প্রতিবেশী কার্তিক ভক্ত নামক এক যুবক। সে রানাকে পাচারকারী দলের মূল হোতা সুন্দরদী গ্রামের সুলতান শরীফের বাড়িতে নিয়ে যায়। এরপর তারা তাকে নেশা জাতীয় জিনিস খাইয়ে অজ্ঞান করে রাখে। পরেরদিন (সোমবার) সকালে তারা তাকে পাচারকারী দলের অপর সদস্যদের হাতে তুলে দেয়। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, এ ঘটনায় স্কুল ছাত্রের বাবা কৃষ্ণ দাস সোমবার রাতে বাদী হয়ে অপহরণকারীদের বিরুদ্ধে গৌরনদী থানায় নারী ও শিশু পাচার আইনে মামলা দায়ের করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহূত স্কুল ছাত্র উদ্ধার হয়নি।