চান্দিনায় নিখোঁজের ১২ দিন
পর শিশুর লাশ উদ্ধার
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:১৯
কুমিল্লার চান্দিনায় শিশু সজিব (৫) নিখোঁজ হওয়ার ১২ দিন পর মৃত দেহ উদ্ধার করেছে চান্দিনা থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে চান্দিনা উপজেলার হাড়িখোলা ঠাকুরবাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত খালে সজিব এর মৃত দেহ ভেসে উঠলে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সজিব চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের রফিকুল ইসলাম এর একমাত্র ছেলে। সজিব এর বাবা রফিকুল ইসলাম জানান, চলতি মাসের ৩ জানুয়ারি দুপুর ১২টার পর থেকে সজিবকে খোঁজে পাওয়া যাচ্ছে না। তাকে খোঁজতে বিভিন্নস্থানে মাইকিং করাও হয়েছিল। তারপর সজিব এর কোন সন্ধান না পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও থানাকে অবহিত করি।
মঙ্গলবার দুপুর ১টার দিকে পার্শ্ববর্তী পশ্চিম বেলাশহর গ্রামের রুহুল আমিন এর স্ত্রী ফাতেমা বেগম সজিবের মৃত দেহ দেখে চিত্কার করে। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত রাব্বি আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা কোন পরিকল্পিত হত্যা। তারপরও তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।