অলসতাই আমাকে পিছিয়ে
দিয়েছে- আফতাব
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:৩৫
নিজের গ্রামের বাড়ী চট্টগ্রামের হয়ে খেলছেন, কেমন লাগছে?
চট্টগ্রামের হয়ে খেলছি বলে অবশ্যই ভালো লাগছে। চট্টগ্রামের ছেলে হিসেবে আমি একা এই দলে। আমার নিজের শহর বলেই ভালো লাগছে বেশি।
ক্রিকেট থেকে একটু দূরে আপনি। বিপিএল থেকে আবার নিজেকে ফিরে পাওয়ার কোন লক্ষ্য আছে কি?
প্রথম কথা হচ্ছে আমাকে সেরা একাদশে জায়গায় করে নিতে হবে। সেরা একাদশে খেলতে পারলে ভিন্ন কিছু করতে পারবো। গত বছর বিপিএল নিয়ে একটু খামখেয়ালিপনা ছিল। এবার চিন্তা করেছি খামখেয়ালিপনা নয়, নিজেকে ভিন্ন কিছু করতে হবে।
বিপিএল থেকে কি কিছু পাওয়ার আশা করছেন?
গতবার আমি ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলেছি। নিজেকে মেলে ধরতে পারেনি। একটি ম্যাচে সুযোগ পেয়েও কিছু করতে পারেনি। গতবার বিপিএল নিয়ে বেশি চিন্তা করেছি। এবার সব চিন্তা বাদ দিয়ে যদি এক ম্যাচ খেলার সুযোগ পাই তবে সেই ম্যাচে ভালো খেলার চেষ্টা করবো।
কখনো কি আফসোস হয়েছে যে, আপনার সমসাময়িক খেলোয়াড়রা অনেক ভালো অবস্থানে রয়েছে?
অস্বীকার করে লাভ নেই। খারাপ তো লাগে। মাঝে-মধ্যে চিন্তা করি অলসতাই আমাকে পিছিয়ে দিয়েছে। উত্রানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। এই বিষয়টি অনেক খারাপ লাগে। আমি যখন টপ ক্রিকেটার ছিলাম তখন যাদের অভিষেক হয়েছে তারা অনেক ভালো অবস্থানে পৌঁছে গেছে। আমি ওদের তুলনায় অনেক পিছিয়ে গেছি। এটাই আমার কাছে খারাপ লাগে। এখন অবশ্য চিন্তা করে লাভ নেই। যা হবার হবে, এখন যেভাবে খেলতে পারি সেভাবেই খেলবো।
আর কত বছর ক্রিকেট খেলবেন?
এখনো চিন্তা করিনি। দেখি কতটা যাওয়া যায়। এই বিষয়ে অবশ্যই জানতে পারবেন।
জাতীয় দলে নেই আফতাব। ক্রিকেটার আফতাবের আফসোস কি লাগে না?
ওই যে বলেছি, আমার অলসতাই আমাকে পিছিয়ে দিয়েছে। জাতীয় দলে খেললে যেমন টাকা উপার্জন করা যায়। আবার জাতীয় দলে খেললে নিজেকে অনেকভাবে ফোকাস করা প্রয়োজন হয়। কিন্তু আমার এই জায়গাতে আমি পিছিয়ে গেছি। আফসোস তো লাগে। এর জন্য আমি নিজেকেই দোষ দিব। আর কাউকে দোষ দিব না।
জাতীয় দল নিয়ে কোন চিন্তা-ভাবনা কি আছে আপনার?
জাতীয় দল নিয়ে আমি কোন চিন্তা করছি না। আমি চিন্তা করছি আর যত বছর ক্রিকেট খেলবো, এখানে যেন কিছু একটা করতে পারি। এবার জাতীয় লিগে একটা ৯৭ ও দু’টি ফিফটি করেছি। আমি ভুল খেলেনি, এটাতেই আমি খুশি। এখন এক বছর কিংবা দুই বছর ক্রিকেট খেলি না কেন: যেখানেই ক্রিকেট খেলেনি কেন আমি যেন ভালো ক্রিকেট খেলতে পারি। তাছাড়া জাতীয় দলে ঢোকার জন্য আমার চেয়ে অনেকে এগিয়ে আছি। আগে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলতে হবে। আমি এখন যদি বলি আমি জাতীয় দলে খেলতে চাই তাহলে হবে না। চিন্তা করাও ভুল হবে। আগে এখানে ক্রিকেট খেলবো, ভালো খেলার চেষ্টা করবো। এরপর বাকি সব চিন্তা করা যাবে।