দোষ স্বীকার করেছেন আর্মস্ট্রং!

আর মাত্র একদিন। তারপরই অপরাহ উনফ্রে শোতে দেখা যাবে ল্যান্স আর্মস্ট্রংয়ের বহুল প্রতিক্ষিত অনুষ্ঠান। অনুষ্ঠানে তিনি ডোপ পাপের কথা স্বীকার করবেন বলে একটা গুঞ্জন চলছিল। এরই মধ্যে একটি বার্তা সংস্থার সূত্র অপরাহ উনফ্রে শো-এর রেকর্ডিং দেখেই জানিয়েছে, এই অনুষ্ঠানে ডোপ নেয়ার কথা স্বীকার করেছেন কিংবদন্তি এই সাইক্লিস্ট। দুরারোগ্য ক্যান্সার জয় করে এসে সাতটি ট্যুর ডি ফ্রান্স জিতেছিলেন ল্যান্স আর্মস্ট্রং। সেই সময়ই বারবার অভিযোগ করা হয়েছে আর্মস্ট্রং পারফরম্যান্সবর্ধক মাদক গ্রহণ করছেন। কিন্তু আর্মস্ট্রং সবসময়ই বলে এসেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ঈর্ষা থেকে এসব অভিযোগ করা হয়। বারবার মাদক পরীক্ষাতেও ধরা পড়েননি তিনি। অবশেষে গত বছরের শেষদিকে যুক্তরাষ্ট্র মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এক হাজার পৃষ্ঠার এক প্রতিবেদন প্রকাশ করে জানায়, ‘সর্বকালের সবচেয়ে বড় মাদক জালিয়াতি’ করেছিলেন আর্মস্ট্রং। অবশেষে তার বিরুদ্ধে প্রমাণ হাজির করে তারা। এই প্রমাণের ভিত্তিতে শুরু হওয়া মামলায় আর্মস্ট্রং হাজিরা দেননি, ক্লান্ত বলে নিজেকে দাবি করেন। ফলে একতরফা রায়ে তার সব পদক কেড়ে নেয়া হয়। তখনও আর্মস্ট্রং নিজেকে নির্দোষ বলে যাচ্ছিলেন। কিন্তু এবার অপরাহ উনফ্রে শোতে সব দোষ নাকি স্বীকার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এই সাইক্লিস্ট। এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থাটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র। অপরাহ অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্যই করেননি। তিনি শুধু টুইট করেছেন, ‘ল্যান্স আর্মস্ট্রংয়ের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টার রেকর্ডিং শেষ করলাম। তিনি রেডি হয়েই এসেছিলেন।’ দেখা যাক ‘রেডি হয়ে’ এসে কী বলেছেন আর্মস্ট্রং।