সিটিসেল দ্বিতীয় সাবা
চ্যাম্পিয়নশীপ শুরু আজ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:৪২
পাঁচটি দেশের অংশগ্রহণে দ্বিতীয় সিটিসেল সাউথ এশিয়ান বাস্কেটবল (সাবা) চ্যাম্পিয়নশিপ আজ বৃহস্পতিবার থেকে ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে শুরু হচ্ছে। দেশগুলো হলো নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ যাদের লক্ষ্য শিরোপা জেতা। সাবা চ্যাম্পিয়নশিপ আয়োজন উপলক্ষে গতকাল দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠকরা প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন।
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে সরকার বলেন, ‘আমরা আটটি দেশকে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু ভারত, শ্রীলংকা ও আফগানিস্তান শেষ মুহূর্তে অপরাগতা প্রকাশ করে।’ তিনি আরো জানান, সাউথ এশিয়া বাস্কেটবল এসোসিয়েশনের সহযোগিতায় তারা এ আয়োজন করছেন। সাউথ এশিয়ান বাস্কেটবলের প্রথম আসরটি অনুষ্ঠিত হয়েছিল ২০০২ সালে ভারতের আসামে। সেবার বাংলাদেশ রানার্স আপ হয়েছিল। এবার তাই শিরোপা জিততে চায় স্বাগতিকরা।
বাস্কেটবল দলের ম্যানেজার বুলবুল এ প্রসঙ্গে বলেন, ‘প্রায় এক মাসের মতো আমাদের খেলোয়াড়রা অনুশীলন করেছে। পাকিস্তান আমাদের মূল প্রতিদ্বন্দ্বী। অন্য দলগুলোকেও সহজভাবে নিচ্ছি না। আমাদের লক্ষ্য শিরোপা।’ কালকের এই সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটিসেলের হেড অব কর্পোরেট কমিউনিকেশনস এন্ড পাবলিক রিলেশন্স তাসলিম আহমেদ এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও বাস্কেটবল ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ।
সংগঠকরা জানিয়েছেন প্রতিযোগিতা চলাকালীন ২১ জানুয়ারী সাবা’র সেন্ট্রাল বোর্ডের সভাও অনুষ্ঠিত হবে ঢাকায়। এতে দক্ষিণ এশিয়ার আটটি দেশের বাস্কেটবল ফেডারেশনের সম্পাদকরা উপস্থিত থাকবেন। এছাড়াও সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে ফিবা-এশিয়ার সভাপতি শেখ সউদ বিন আলী আল-থানি ও সেক্রেটারী জেনারেল হ্যাগপ খাজিরিয়ান উপস্থিত থাকবেন।
এ আসরের পৃষ্ঠপোষকতা করছে সিটিসেল। প্রতিযোগিতার সম্পূর্ণ খরচ বহন করবে তারা। সংবাদ সম্মেলনে সিটিসেলের হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স এন্ড পাবলিক রিলেশন্স তাসলিম আহমেদ বলেন, ‘সিটিসেল বাস্কেটবলের সঙ্গে সব সময়ই রয়েছে। আন্তর্জাতিক টুর্নামেন্ট ছাড়া ঘরোয়া বাস্কেটবল প্রতিযোগিতায় সিটিসেল সঙ্গে থাকবে।’