সেরা চলচ্চিত্র ‘গেরিলা’ ফেরদৌস ও জয়া শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী

দেশের চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ পুরস্কার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১১’ ঘোষণা করেছে সরকার। এতে আলোচিত চলচ্চিত্র ‘গেরিলা’ সেরা ছবির, ফেরদৌস সেরা অভিনেতার এবং জয়া সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়। চলচ্চিত্র শিল্পে গৌরবো-জ্জ্বল ও অসাধারণ অবদান রাখায় চলচ্চিত্রের ২৪টি ক্ষেত্রে শিল্পী ও কলাকুশলীকে পুরস্কার দিয়েছে সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এবার আজীবন সম্মাননা পেয়েছেন নায়করাজ রাজ্জাক। আর বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে এশা ইউসুফ ও ফরিদুর রেজা সাগর প্রযোজিত ‘গেরিলা’ চলচ্চিত্রটি। এ ছবির জন্য নাসির উদ্দীন ইউসুফকে শ্রেষ্ঠ পরিচালক ও জয়া আহসানকে শ্রেষ্ঠ অভিনেত্রী ঘোষণা করা হয়েছে। একই ছবির মো. আলী বাবুল শ্রেষ্ঠ মেক-আপ ম্যান, অনিমেষ আইচ শ্রেষ্ঠ শিল্প নির্দেশক, সামির আহমেদ শ্রেষ্ঠ সম্পাদক এবং শিমুল ইউছুফ শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জার পুরস্কার পেয়েছেন। গেরিলা ছবির জন্য নাসির উদ্দিন ইউসুফ ও এবাদুর রহমান যৌথভাবে শ্রেষ্ঠ চিত্র নাট্যকার ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা নির্বাচিত হয়েছেন। এদিকে ফখরুল আরেফীন এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রযোজিত আল-বদর ও লোকনায়ক কাঙ্গাল হরিনাথ ছবিটি শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হিসাবে পুরস্কার জিতেছে। এবার শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে নির্বাচিত হয়েছেন ফেরদৌস। ‘কুসুম কুসুম প্রেম’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার জিতেছেন। ‘আমার বন্ধু রাশেদ’ ছবির জন্য শ্রেষ্ঠ কাহিনীকার নির্বাচিত হয়েছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। একই ছবির জন্য শ্রেষ্ঠ চিত্রগ্রাহক নির্বাচিত হয়েছেন এল অপু রোজারিও এবং শ্রেষ্ঠ শব্দ গ্রাহক হিসাবে নির্বাচিত হয়েছেন রতন পাল। অপরদিকে শ্রেষ্ঠ গায়ক ও গায়িকা নির্বাচিত হয়েছেন কুমার বিশ্বজিত্ (মা আমার চোখের মণি) ও নাজমুন মুনিরা ন্যান্সি (প্রজাপতি)। শ্রেষ্ঠ সুরকার হয়েছেন ইমন সাহা (কুসুম কুসুম প্রেম) এবং শ্রেষ্ঠ গীতিকার নির্বাচিত হয়েছেন শফিক তুহিন (প্রজাপতি)। আর শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক নির্বাচিত হয়েছেন হাবিব ওয়াহিদ (প্রজাপতি)। এম এ আলমগীরকে ‘কে আপন কে পর’ ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা এবং ফরিদা আখতার ববিতাকে একই ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। খন্ডগল্প-১৯৭১ চলচ্চিত্রের জন্য সেমন্তী শ্রেষ্ঠ শিশু শিল্পী নির্বাচিত হয়েছে। আর ‘গেরিলা’ ছবির জন্য শতাব্দি ওয়াদুদ ও ‘বস নাম্বার ওয়ান’ ছবির জন্য মিশা সওদাগর শ্রেষ্ঠ খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন।