ঈশ্বরদীতে ভেজাল কীটনাশকে সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত

ভেজাল তরল দস্তা ও লিবরেল বোরন জাতীয় কীটনাশক ব্যবহার করায় ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বেশ কয়েকটি জমির সবজির আবাদ নষ্ট হয়ে গেছে। এই কীটনাশক ব্যবহারে বেড়ে উঠা লাউ ও বেগুন গাছের পাতা মরে যাচ্ছে। এ নিয়ে কৃষকরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। কৃষকরা জানান, প্রায় দেড় মাস আগে পাকশীর বাঘইল জোড়া সাঁকো এলাকার সার-কীটনাশক ব্যবসায়ী পল্লবী এন্টারপ্রাইজ হতে তরল দস্তা ও লিবরেল বোরন জাতীয় কীটনাশক কিনে সবজির জমিতে ছিটিয়ে দেন। এরপর হতেই মাঠের সবজি নষ্ট হতে থাকে। পাকশী বাঘইল কলপাড়া গ্রামের কৃষক রিপন হোসেন অভিযোগ করেন তার ৪ বিঘা জমিতে আবাদকৃত লাউ ও বেগুন পোকার আক্রমণ হতে রক্ষার জন্য জমিতে তরল দস্তা ও লিবরেল বোরন স্প্রে করেন। স্প্রে করার পর থেকে তার জমির সবজি মরে যাচ্ছে। কৃষক মোস্তাফিজুর রহমান জানান, ঐ কীটনাশক স্প্রে করার পর তার ২ বিঘা ক্ষেতের বেগুন গাছ মরে যাচ্ছে। গাছের বেগুন আর বাড়ছে না, গাছের বেগুন কুচকে যাচ্ছে। তিনি অভিযোগ করেন তার মতো এলাকার অনেক জমিরই সবজি নষ্ট হয়ে যাচ্ছে। সোমবার সকালে পাকশীর বাঘইল কলপাড়া গ্রাম সরেজমিন ঘুরে দেখা গেছে, গ্রামের কৃষকেরা নষ্ট হয়ে যাওয়া সবজির ক্ষেত পরিষ্কার করছেন। অনেক কৃষককে নতুনভাবে লাউ ও বেগুন গাছ লাগাতে দেখা গেছে। কৃষকরা জানান, এবার আবাদ করে ভালো ফলন হবে বলে আশা ছিল; কিন্তু ভেজাল কীটনাশক তাদের নিঃস্ব করে দিয়েছে। সার ও কীটনাশক ব্যবসায়ী রঞ্জুকে এ বিষয়ে জানানোর পরও তিনি কোন গুরুত্ব দিচ্ছেন না বলে কৃষকরা অভিযোগ করেন। পাকশী ইউনিয়নের কৃষি উপ-সহকারী বাকী বিল্লাহকে এ বিষয়ে জানানো হলে তিনিও কোন প্রকার পদক্ষেপ নেননি বলে কৃষকরা জানান। এ বিষয়ে সার ও কীটনাশক ব্যবসায়ী রঞ্জু সংবাদদাতাকে জানান, তার বিক্রিত কীটনাশকে কোন ভেজাল ছিল না। কৃষকরা মাত্রা অনুযায়ী কীটনাশক ছিটাতে পারে নাই বলে সবজির গাছ নষ্ট হয়ে গেছে। পাকশী ইউনিয়নের কৃষি উপ-সহকারী বাকী বিল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি অভিযোগ শুনে ক্ষতিগ্রস্ত কৃষকদের সবজির মাঠ পরিদর্শন করেছেন এবং তাদের পরামর্শ দিয়েছেন। তিনি আরো বলেন, ভেজাল কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের লাউ ও বেগুনের গাছ মরে যাচ্ছে। এজন্য কৃষি বিভাগ থেকে কৃষকদের ডেকে পরামর্শ দেয়া হচ্ছে। ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খুরশিদ আলম বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ আসেনি। ক্ষতিগ্রস্ত কৃষকেরা অভিযোগ নিয়ে এলে বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।