নাসাকার গুলিতে নিহত
বাংলাদেশির লাশ
৬ দিন পর উদ্ধার
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:০০
মিয়ানমারের সীমান্ত রক্ষী নাসাকা বাহিনীর গুলিতে নিহত বাংলাদেশি জেলে মোহাম্মদ ফারুকের (৩৫) লাশ নিখোঁজ হওয়ার ৬ দিন পর মঙ্গলবার সকালে নাফ নদীর জইল্যারদিয়া নামক এলাকায় ভাসমান অবস্থায় পাওয়া গেছে। নিহত ফারুক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের গুদাম পাড়ার মোহাম্মদ হোসেন ওরফে মাইন্যার ছেলে বলে জানা গেছে।
গত ৯ জানুয়ারি বিকালে এলাকার অন্য জেলেদের সাথে ফারুক নৌকা নিয়ে নাফ নদীর ক্যাংবাং এলাকায় কাঁকড়া শিকারে গিয়েছিলেন। ঐদিন সন্ধ্যার দিকে সীমান্তের ওপারের বেড়িবাঁধ থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকা বাহিনী জেলেদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ফারুক গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যায় বলে তার সঙ্গীয় জেলেরা জানায়। গুলিবর্ষণের ঘটনার পরদিন বৃহস্পতিবার বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি হ্নীলা সীমান্ত চৌকি বরাবর নাফ নদীতে নাসাকা বাহিনীর সঙ্গে পতাকা বৈঠক করলেও নাসাকা সদস্যরা গুলিবর্ষণের কথা অস্বীকার করেছিলেন।