সাতকানিয়ায় চোরাই মালামাল উদ্ধার, আটক ৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দেওদীঘির তিনটি দোকানে চুরির ঘটনায় জড়িত ৬ জনকে সোমবার আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৬ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। গত ১০ জানুয়ারি রাতে দেওদীঘি বাজারে আবু তাহেরের কাপড়ের দোকান, এজাহার মিয়ার চাউলের দোকান, আব্দুল আউয়ালের মুদির দোকানে চুরি হয়। চোরেরা ৬ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। থানায় অভিযোগ দেয়া হলে সাতকানিয়া থানা চোরদের শনাক্ত ও চোরাইপণ্য উদ্ধারে তত্পর হয়। রবিবার সন্ধ্যায় সাতকানিয়া থানার মিঠাদীঘিতে সাইমা আকতারের ঘর হতে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মনু ফকির বাজার হতে চুরি করা দুইটি দোকানের মালামাল এবং চোর দলের সদস্য মো. আমিনকে ১৪ বস্তা চাল ও ২২ বস্তা মুরগির খাবারসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে অন্য চোর মো. বাবুল, মো. ভুট্টো, শহীদুল, মো. শফি, আবুল কাসেমের নাম বলে। গত ১০ জানুয়ারি রাতে দেওদীঘি বাজারের চুরির ঘটনায় তারা সম্পৃক্ত ছিল বলে জানায় এবং মালামাল চুনতি বাবুলের বাড়ি ও আজিজনগরের নওশের আলীর কাপড়ের দোকানে রাখে বলে জানায়।