কিশোরগঞ্জে ডাকাতি ও খুনের দায়ে ৫ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ শহরে স্বর্ণের দোকানে ডাকাতি ও খুনের মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। জেলা ও দায়রা জজ আ ম ম সাঈদ গতকাল মঙ্গলবার বিকালে এক রায়ে অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর (উত্তরপাড়া) গ্রামের একতার মিয়া, জালালউদ্দিন, ইটনা উপজেলার এলংজুরি গ্রামের জামির হোসেন, স্বল্প হাতকাবিলা গ্রামের রঞ্জন রায় ও ব্রজগোপাল দাসকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জামির হোসেনের স্ত্রী আনোয়ারা বেগমকে ১ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আসামিদের মধ্যে একতার মিয়া, জালাল উদ্দিন ও আনোয়ারা বেগম কারাগারে আটক আছেন। অন্যরা পলাতক। মামলার অপর আসামি রঞ্জিত দাসকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১ মার্চ রাতে আসামিরা কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডের হাবিব জুয়েলার্সে ঢুকে দোকানের মালিকের ছেলে শাহীনকে (২৭) ধারালো অস্ত্রের আঘাতে হত্যা এবং দোকানের কর্মচারী বিষ্ণুপদ পালকে মারাত্মক জখম করে স্বর্ণালংকার, নগদ টাকা, টিভিসহ ৩১ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। নিহতের বড় ভাই রফিকুল ইসলাম রবি কিশোরগঞ্জ সদর থানায় মামলা করলে পুলিশ তদন্তশেষে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।