বিমানবন্দরসমূহে উন্নয়ন কাজ দ্রুত শেষ করার তাগিদ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:০৩
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় যাত্রীসেবা নিশ্চিত করতে বিমান বন্দরসমূহে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কাজ দ্রুত সমাপ্ত করার তাগিদ দেয়া হয়েছে।
সভায় বিমান বন্দরসমূহের বিভিন্ন সুবিধাদির প্রযুক্তিগত উন্নয়ন সাধন এবং যাত্রীদের নিরাপদ ও সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য এ প্রকল্পগুলোর কাজ দ্রুত সমাপ্ত করার ব্যাপারে দিক-নির্দেশনা প্রদানও করা হয়।
গতকাল সংসদ ভবনে কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় এ তাগিদ দেয়া হয়।
সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন উন্নয়নমূলক ও সংস্কারমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জনগণের সেবার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে জাতীয় এয়ারলাইন্স হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্বার্থ সংরক্ষণে সংস্থাটির ব্যবস্থাপনাকে আরো গতিশীল ও জবাবদিহি করার মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। সদ্যসমাপ্ত হজ্ব কার্যক্রমে সুষ্ঠু ও সফলভাবে ফ্লাইট কর্মসূচি পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশংসা করা হয় এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।
এছাড়া সভায় পর্যটন কর্পোরেশন সম্পর্কিত বিগত বৈঠকের সিদ্ধান্ত ও সুপারিশগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অবঃ) ফারুক খান, মইন উদ্দীন খান বাদল, মোঃ ফরিদুল হক খান, শফিকুর রহমান চৌধুরী এবং মোছাঃ শেফালী মমতাজ সভায় অংশগ্রহণ করেন।