নন এমপিও শিক্ষকদের উপর পুলিশের পিপার স্প্রে গরম পানি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:১৬
এমপিওর দাবিতে রাজধানীর ন্যাম ভবনের সামনে অবস্থান নিতে যাওয়া আন্দোলনরত শিক্ষকদের পিপার স্প্রে ছুঁড়ে ছত্রভঙ্গ করেছে পুলিশ। ছত্রভঙ্গ শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় অবস্থান নেন।
গতকাল মঙ্গলবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সকাল ১১টা থেকে ন্যাম ভবনের সামনে এবং মানিক মিয়া এভিনিউর পশ্চিম পাশে অবস্থান করছিলেন কয়েকশ শিক্ষক। বেলা ১২টা থেকে সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত ছিল তাদের। আহত এক শিক্ষকের মৃত্যুর বিষয়ে সংসদ সদস্যের কাছে স্মারকলিপি দেয়ারও সিদ্ধান্ত ছিল শিক্ষকদের। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ন্যাম ভবনের সামনে থেকে সরিয়ে দেয় শিক্ষকদের। পরে মানিক মিয়া এভিনিউ এবং সোবহানবাগে বিক্ষিপ্তভাবে শিক্ষকরা অবস্থান নিলে পুলিশ সেখান থেকেও চলে যেতে বলে। এক পর্যায়ে বেলা ১২টার দিকে শিক্ষকদের ছত্রভঙ্গ করতে আবারো পিপার সেপ্র করে। শিক্ষকরা বলেছেন, পুলিশ অবস্থানরত শিক্ষকদের ওপর গরম পানিও ছোঁড়ে। তবে এ বিষয়ে পুলিশের টহল পরিদর্শক আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, গরম পানি নয়, রাস্তায় বাধা সৃষ্টি করায় তাদের ওপর ঠান্ডা পানি ছোঁড়া হয়েছে। শিক্ষকরা জানান, গতকালের ঘটনায় কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্দোলনরত শিক্ষকরা বলেন, শিক্ষকদের ওপর আবারো ন্যক্কারজনক হামলা করেছে পুলিশ। সকাল থেকেই শারীরিক আঘাত এবং গ্রেফতারের ভয়-ভীতি দেখাচ্ছিল পুলিশ। এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন করা হবে ।
আহত শিক্ষকের মৃত্যু : গত বৃহস্পতিবার শহীদ মিনারে পুলিশের মরিচের গুঁড়ামিশ্রিত টিয়ার সেপ্রতে অসুস্থ পটুয়াখালীর এক মাদ্রাসা শিক্ষক মঙ্গলবার ভোর সাড়ে চারটায় মারা গেছেন বলে অভিযোগ করেছেন ননএমপিও শিক্ষক সংগঠনের সভাপতি এশারত আলী। তিনি অভিযোগ করেন ঢাকায় আন্দোলন করতে এসেছিলেন নন-এমপিও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. সেকান্দার আলী। তিনি জেলার দুমকি উপজেলার চড়বয়রা দাখিল বালিকা মাদ্রাসার শিক্ষক। এশারত আলী সাংবাদিকদের জানান, আন্দোলনের প্রথমদিন থেকেই তিনি সক্রিয় ছিলেন। বৃহস্পতিবার শহীদ মিনারে শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচি পালন করার সময় পুলিশ সেখানে বাধা দেয়। শিক্ষকদের তাড়াতে পুলিশ মরিচের গুঁড়ামিশ্রিত টিয়ার সেপ্র করে। সরাসরি নাক, মুখ এবং চোখে এ বিষাক্ত সেপ্র প্রবেশ করলে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন সেকান্দার আলী। তাত্ক্ষণিকভাবে ঢাকায় প্রাথমিক চিকিত্সা দেয়া হলেও বিকালের দিকে আবারও অসুস্থ হয়ে পড়েন । বৃহস্পতিবারই তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হয় তার। চিকিত্সকের শরণাপন্ন হয়েও বাঁচানো যায়নি সেকান্দার আলীকে। মঙ্গলবার ভোর সাড়ে চারটায় তিনি মারা যান। শিক্ষকদের অভিযোগ, পুলিশের পিপার সেপ্রর কারণেই সেকান্দার আলীর মৃত্যু হয়েছে। স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করাসহ ৪ দফা দাবিতে ৭ জানুয়ারি থেকে কর্মসূচি পালন করে আসছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। আর প্রথম দিন থেকেই শিক্ষক-কর্মচারীদের কর্মসূচিতে বাধা দিয়ে আসছে পুলিশ।