এসেছে ব্যাংকিং সেবা
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:১৬
দেখতে দেখতে অর্ধেক সময় পার করলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতিবছরই মেলার শেষ অর্ধেক সময়ে বেচাকেনার ধুম পড়ে যায় স্টল ও প্যাভেলিয়নে। এ বছরও তার ব্যতিক্রম হবে না, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের।
সব স্টল ও প্যাভেলিয়নেই পণ্য কেনাবেচা হচ্ছে না। কিছু প্যাভেলিয়নে চলছে গ্রাহকদের জন্য সেবা। এসবের মধ্যে রয়েছে কয়েকটি ব্যাংক: বেসিক ব্যাংক, প্রাইম ব্যাংক, ডাচ্ বাংলা ব্যাংক ইত্যাদি।
ব্যাংকিং-এর নতুন সেবা নিয়ে এসেছে বেসিক ব্যাংক। এসব সেবার প্রধান আকর্ষণ সুপার ডাব্ল প্রফিট। এই সেবা পাচ্ছেন শুধু নারী এবং ৬০ বছরের উপরে পুরুষরা। সেবার এই প্যাকেজে ৫ বছর ৩ মাসে ‘ডাব্ল বেনিফিট’ দিচ্ছে ব্যাংক। অন্য সেবার প্যাকেজগুলোর মধ্যে রয়েছে: ডাব্ল বেনিফিট স্কিম, সেভিংস্ ডিপোজিট অ্যাকাউন্ট, মাসিক বেনিফিট স্কিম, কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট, বেসিক ফরচুন প্লাস, ফিক্সড্ ডিপোজিট স্কুল ব্যাংকিং ইত্যাদি।
এসব প্যাকেজের রয়েছে নানা ধরনের সুবিধা। সেভিংস্ ডিপোজিট অ্যাকাউন্টে সুদের হার ৭ দশমিক ৫০ শতাংশ, ডাবল বেনিফিট স্কিমে ৬ বছরে ডাব্ল হয় এবং এতে টাকার পরিমাণ ২৫ হাজার থেকে ৫০ লাখ পর্যন্ত হতে হবে। ফিক্সড্ ডিপোজিটে ১২ দশমিক ৫০ শতাংশ লাভ দেয়া হয় ১, ৩, ৬, ১২ মাসের জন্য। স্পেশাল নোটিস ডিপোজিটের সুদের হার ৬ থেকে ৭ দশমিক ৫০ শতাংশ, যার টাকার পরিমাণ ৫০ হাজার পর্যন্ত। স্কুল শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাংকিং, যার সুদের হার ৭ দশমিক ৫০ শতাংশ। আজমপুর থেকে মেলায় এসেছিলেন পারভীন আরিফা। প্যাভেলিয়ন থেকে বের হয়ে তিনি বললেন, বাচ্চাকে নিয়ে মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়ে যায় বেসিক ব্যাংকের প্যাভেলিয়ন। প্রবেশ করলাম ব্যাংকিং সুবিধা জানার জন্য। সব সুবিধাগুলোর মধ্যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য সেবার প্যাকেজ আমার ভালো লেগেছে। ভাবছি সামনের সপ্তাহে বাচ্চার বাবাকে নিয়ে এসে একটি অ্যাকাউন্ট করবো। প্যাভেলিয়নে রয়েছে এই ব্যাংকের এটিএম বুথ। মেলা উপলক্ষে নতুন অ্যাকাউন্টের চার্জ, ওয়ান লাইনে লেনদেনের চার্জ, ঢাকার বাইরে টাকা লেনদেনে কোন চার্জ নিচ্ছে না। প্যাভেলিয়নে টাকার লেনদেন এবং মেলার অন্যান্য স্টল ও প্যাভেলিয়নের টাকা এই প্যাভেলিয়নে নিরাপত্তার জন্য জমা রাখা যায়। অফিসার শায়লা শারমিন বললেন, প্রচারণাটাই প্রধান উদ্দেশ্য। প্যাভেলিয়নের ভিতর আমরা ব্যাংকিং সেবার নানা পরামর্শ দিচ্ছি। বিকেলে বিভিন্ন প্যাভেলিয়নের টাকা জমা নিচ্ছি যা বিনামূল্যেই করা হচ্ছে। প্রতিদিন অনেক লোক আসছেন এবং আমাদের সেবা পাচ্ছেন।