ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর ছাত্রলীগের নেতৃত্বে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অনুষদ ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষদ ভবনের নিচে সমাবেশে মিলিত হয় তারা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল-সমাবেশ হলেও এবং শিবিরের নেতৃবৃন্দ না থাকলেও মূলত শিবিরের নেতৃত্বেই এ কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে। সমাবেশে শিক্ষকদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে নিরাপত্তাহীনতার ভয়ে গতকালও ক্যাম্পাসে আসেননি ৩ শতাধিক শিক্ষক এবং অধিকাংশ শিক্ষার্থী। ফলে সাবেক ভিসি-প্রোভিসিপন্থী ৩০-৩৫ জন শিক্ষক কয়েকটি বিভাগে কিছু ক্লাস নিলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। নিরাপত্তাহীনতার ভয়ে ক্যাম্পাসে না আসতে পেরে গতকাল দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা শহরের ইবি ক্লাবে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ। সম্মেলনের লিখিত বক্তব্যে পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ বলেন: আমাদের স্পষ্ট দাবি হচ্ছে বিগত নিয়োগে দুর্নীতির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ, দুইবার শিক্ষকদের উপর হামলার বিচার ও ‘অবাঞ্ছিত’ থাকা অবস্থায় বিগত ভিসি প্রফেসর ড. এম আলাউদ্দিন প্রশাসনে যে সকল রদবদল করেছেন তা বাতিল করতে হবে। লিখিত বক্তব্যে আরও বলা হয়, শিক্ষকদের উপর হামলা মূলত বর্তমান প্রক্টর প্রফেসর ড. এএইচএম আক্তারুল ইসলাম জিল্লু ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. লোকমান হাকিমের নেতৃত্বে হয়েছে। ফলে তারা দু’জন স্বপদে বহাল থাকা অবস্থায় শিক্ষকরা ক্যাম্পাসে নিরাপদ নয়। কমপক্ষে তাদের দু’জনের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা ক্যাম্পাসেই যেতে পারি না। শনিবার শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভিসি প্রফেসর ড. আব্দুল হাকিম সরকার সোমবার প্রফেসর ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহকে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘোষণা করেছেন। কমিটির অন্য সদস্যরা হলেন: প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভুঁইয়া, প্রফেসর ড. মোঃ রুহুল আমিন ভুঁইয়া ও প্রফেসর ড. মোঃ আব্দুল করিম। কমিটিকে ৭ দিনের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক বলেছেন, গতকাল মঙ্গলবার বিকাল পর্যন্ত তিনি জানেন না তাকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে।