মিঠাপুকুরে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

মিঠাপুকুরে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূর নাম তানিয়া পারভীন (২৫)। তিনি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বড় জটনা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

মিঠাপুকুর উপজেলা সদরের আদর্শপাড়া গ্রামে স্বামীর সাথে ভাড়া বাসায় থাকতেন তানিয়া। তার স্বামী টাটা মটর্সে চাকরি করেন। প্রতিবেশিরা জানান, আগের রাতে স্বামী-স্ত্রীর মাঝে তুমুল গণ্ডগোল লাগে। এক পর্যায়ে স্ত্রীকে বেধড়ক মারপিট করেন সাইফুল। পরদিন সকালে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায় প্রতিবেশিরা। এক পর্যায়ে ফাঁস থেকে নামিয়ে সাইফুল ইসলাম স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুনঃ বিরামপুরে ট্রাক চাপায় নিহত ১

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, ‘লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত. নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু