এক মামলায় জামিন
পেলেন ফখরুল
আরেকটিতে না-মঞ্জুর
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:৩০
গত বছর ১৮ দলের অবরোধে সূত্রাপুর থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর এবং মতিঝিল থানার মামলায় জামিন না-মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক পৃথক দুই মামলার জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
গত ৮ জানুয়ারি এ দুইটি মামলায় ঢাকার সিএমএম আদালতের জামিন না-মঞ্জুরের আদেশে ক্ষুুব্ধ হয়ে পরের দিন এ আদালতে আবেদন করা হয়েছিল বলে জানান ফখরুলের অন্যতম আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ।
অবরোধে গাড়ি পোড়ানোসহ ককটেল বিস্ফোরণের ঘটনায় গত ৩ জানুয়ারি মতিঝিল ও পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে সূত্রাপুর থানায় করা মামলায় মির্জা ফখরুলকে গ্রেফতার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হয়। এর আগের দিন ২ জানুয়ারি পৃথক দুইটি মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট; কিন্তু পরদিনই তাকে আবার নতুন করে দুইটি মামলায় গ্রেফতার দেখিয়ে ১৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ১৮ দলের রাজপথ অবরোধ কর্মসূচিতে সহিংসতার ঘটনায় রাজধানীর সূত্রাপুর ও মতিঝিল থানায় মামলা দুইটি করা হয়েছিল। একই দিন গাড়ী ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ৩৭টি মামলা করা হয়। সব মামলাতেই ফখরুলকে আসামি করা হয়েছে। ১০ ডিসেম্বর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। এরপর থেকে ফখরুল কারাগারে আছেন।