খোঁজখবর

বৃহস্পতি এখন তুঙ্গে চিত্রনায়িকা আঁচলের বৃহস্পতি এখন তুঙ্গে। এ পর্যন্ত আঁচলের দুটি ছবি মুক্তি পেয়েছে। ‘ভুল’ ও ‘বেইলী রোড’ শিরোনামের দুটি ছবিই দর্শকমহলে প্রশংসিত হয়েছে। তার হাতে এখন অর্ধ ডজন ছবি রয়েছে। প্রতিনিয়তই তিনি নতুন নতুন ছবির প্রস্তাব পাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সাফি উদ্দিন সাফি পরিচালিত এ ছবির নাম ‘প্রেম প্রেম পাগলামি’। এতে আঁচলের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। আজ থেকে এফডিসিতে এ ছবির শুটিং শুরু হবে। ছবির কাহিনী রচনা করেছেন আব্দুল্লাহ জহির বাবু। সংলাপ লিখেছেন ছটকু আহমেদ। নতুন এ ছবি প্রসঙ্গে আঁচল বলেন, ‘বাপ্পীর সঙ্গে এটি আমার তৃতীয় কাজ। ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী।’ বাপ্পী ও আঁচল প্রথম জুটিবদ্ধ হয়ে কাজ করেন শাহীন-সুমন পরিচালিত ‘জটিল প্রেম’ ছবিতে। খুব শিগগিরই ছবিটি মুক্তি পাবে। এ ছাড়া তাদের অভিনীত ‘কি প্রেম দেখাইলা’ ছবির শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। আসছে দেহরক্ষী শিগগিরই মুক্তি পাচ্ছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন অভিনীত ‘দেহরক্ষী’ চলচ্চিত্রটি। এরই মধ্যে ছবির শুটিং, ডাবিং এবং এডিটিং শেষ হয়েছে। বর্তমানে ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে ছবিটি। ছবির পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, ‘মিলন ও ববি অভিনীত এ ছবির কালার কারেকশন এবং চূড়ান্ত সম্পাদনার কাজ চেন্নাইয়ে করা হয়েছে। ছবির সংগীত পরিচালনা করেছেন অদিত। গত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ছবির অডিও মুক্তি পেয়েছে।’ মুক্তিপ্রতীক্ষিত ছবি প্রসঙ্গে মিলন বলেন, ‘শতভাগ মনোযোগ দিয়ে ছবির কাজটি করেছি। ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী।’ উল্লেখ্য, এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় ভিলেন হিসেবে আত্মপ্রকাশ করছেন মিলন। লগ্ ইন লগ্ আউট জহির খানের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘লগ্ ইন লগ্ আউট’। এতে অভিনয় করেছেন ফারজানা ছবি। নাটক প্রসঙ্গে ছবি বলেন, ‘বর্তমান বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুককে কেন্দ্র করে। উন্নত ও উন্নয়নশীল সব দেশেই সব রকম মানুষের কাছে এটা সমান জনপ্রিয়। সামাজিক যোগাযোগ, বন্ধুত্ব সৃষ্টি, ভাববিনিময়, চিন্তা ও তথ্য ছবির আদান-প্রদান, একইসাথে হারানো বন্ধুকে খুঁজে পাওয়া রাজনৈতিক অংশ গ্রহণসহ প্রেম-প্রণয় সব কিছুর জন্যই ফেসবুক এখন তুমুল জনপ্রিয়। যোগাযোগের এই মাধ্যমটিতে বিরাজমান খণ্ড খণ্ড এসব বিষয় নিয়ে তৈরি করা হয়েছে ধারাবাহিক।’ ফারজানা ছবি ছাড়াও এই নাটকে আরও অভিনয় করেছেন পরান, কচি খন্দকার, শিরীন বকুল, মারজুক রাসেল, লারা লোটাস, নাবিলা মেহ্জাবিন, তমাল, ইমতু রাতীশ, সাব্বির আহমেদ, আলীশা প্রমুখ।’ কবুলীয়তনামায় হালের ব্যস্ততম অভিনেতা মোশাররফ করিম এবার অভিনয় করলেন ‘কবুলীয়তনামা’ নামের ভিন্নধারার একটি ধারাবাহিকে। কাজী শাহীদুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাহ্উদ্দিন লাভলু। মোশাররফ করিম ছাড়াও এই নাটকে আরও অভিনয় করেছেন রহমত আলী, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, হারুনুর রশীদ, ডা. এজাজ, আরফান আহমেদ, আ খ ম হাসান, রওনক হাসান, তানিয়া, সায়কা আহমেদ, সোমা, সুমনা, লাবণ্য লিজা, আহমেদ ফারুক, মইন, জুয়েল, হুমায়রা, বৃষ্টি, শেলী আহসান প্রমুখ। আমাদের সমাজে তুচ্ছ ঘটনা থেকে হাজার ঘটনার জন্ম হয়। হাজার ঘটনা মানেই হাজারটা বিচার-বৈঠক। বিচার-বৈঠক মানেইতো বিচারের সিদ্ধান্ত মেনে নেওয়া, কবুল করা। গ্রাম-সমাজের এসব গল্প-গাঁথা নিয়েই ধারাবাহিক ‘কবুলীয়তনামা’। নাটকটি বর্তমানে এটিএন বাংলায় প্রচার হচ্ছে। নতুন ধারাবাহিকে হাকিম আজিজুল হাকিম এবার ভিন্নধর্মী চরিত্র নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। চলতি সপ্তাহে আরটিভিতে প্রচার শুরু হওয়া প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘থানার নাম শনির আখড়া’য় দর্শকরা তাকে ভিন্ন চরিত্রে দেখতে পাবে। এস পি হাবিবুর রহমানের গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন ফজলুল করিম এবং পরিচালনা করেছেন ডিএ তায়েব। আজিজুল হাকিম ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুত্ফর রহমান জর্জ, আব্দুল কাদের, আব্দুর রাতিন, সোহেল খান, কাজল, খায়রুন কাদের, কাদরী, তন্ময়, মিশু, শিমু, শাহিন হাসান, মমো আলী প্রমুখ। ‘শনি’ শব্দটির ভেতরে লুকিয়ে থাকে সব রকম অশুভ তত্পরতা। অবৈধ মাদক ব্যবসা, খুন, ধর্ষণ, হত্যার রাজনীতি, বাটপাড়ি, দালালি ইত্যাদি। সমস্ত অপরাধ মূলক কাজের রূপক হিসেবেই ‘শনি’। শনির আখড়া থানার এ সমস্ত অপরাধের বিরুদ্ধে সত্, ন্যায়-নিষ্ঠাবান, সাহসী কিছু পুলিশ অফিসারের অভিযান ও সাফল্য গাঁথা নিয়ে নির্মিত হয়েছে প্রতিদিনের ধারাবাহিক ‘থানার নাম শনির আখড়া’।