গাইবান্ধা
স্পন্দন শিল্পীগোষ্ঠীর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
তাজুল ইসলাম রেজা, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ১৯:১২
সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে গাইবান্ধার ঐতিহ্যবাহী সংগঠন স্পন্দন শিল্পীগোষ্ঠীর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী গত ১১ জানুয়ারি পালন করা হয়। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল শিশু-কিশোরদের সংগীত, নৃত্য ও চিত্রাংকনসহ যেমন খুশি সাজ প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের ভিডিও প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এদিন সন্ধ্যায় স্পন্দন শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী সভায় রাগীব হাসান চৌধুরী হাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শামস-উল-আলম হিরু, স্থানীয় স্বেচ্ছাসেবি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আব্দুস সালাম, স্পন্দনের প্রতিষ্ঠাতা উত্তম সরকার প্রমুখ।
পরে কবি মামুন মিজান, নিকেতন চৌহান, সিজিতা সরকার কবিতা আবৃত্তি, বৃন্তি সরকার, ইচ্ছা মনি, মিথিলা, স্বীকৃতি, মেধা, মৌসুমি, পংকজ কুমার, নাফিজা খাতুন, নিপা মণ্ডল গান ও অর্পা, অহন, অন্যন্যা, তাসলিমা, আসফিয়া রহমান, জান্নাতুল ফেরদৌসি, তাসনিম ও সুমাইয়া নৃত্য পরিবেশন করে। এর আগে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ী ৫০ জন শিশু-কিশোরের সনদপত্র ও পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শামস-উল-আলম হিরু।