প্রতিযোগিতায় জেতার জন্য কোর্স!

বোকা বাক্স নামে অনেকে যতোই টিভি মাধ্যমকে তাচ্ছিল্য করুন না কেন, হাল আমলে এই বোকা বাক্সের প্রভাব আর কদর কিন্তু মোটেও কম নয়। আর টিভি মাধ্যমের হরেক রকম অনুষ্ঠানের ভিড়ে এখন অনেকটা স্বতন্ত্রভাবেই নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে হরেক রকমের রিয়েলিটি শো। গান, নাচ, কবিতা কিংবা মডেলিং থেকে শুরু করে হেন কোনো প্রতিভা বাদ নেই যেখানে রিয়েলিটি শো নামের এইসব প্রতিযোগিতার পা পড়েনি। আর এসব অনুষ্ঠানে নিজেকে সেরা প্রমাণের মাধ্যমে খ্যাতি লাভের স্বপ্নও এখন নতুন কিছু নয়। কিন্তু সবার আগ্রহের কেন্দ্রে থাকা এই রিয়েলিটি শো’তে সেরাদের সেরা হওয়ার তরিকাটি কারও জানা আছে। এই প্রশ্নকে সামনে রেখেই এবার অভিনব এক কোর্স শুরু করেছে ব্রিটেনের ডারহামে অবস্থিত বিশপ অকল্যান্ড কলেজ। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী সপ্তাহ থেকে যৌথভাবে সরকারি ও বেসরকারি অর্থায়নে পরিচালিত এই কলেজ থেকে রিয়েলিটি শো’তে সফল হওয়ার বিভিন্ন বিষয় কোর্স হিসেবে অধ্যয়ন করা যাবে। আর এরই মাধ্যমে সম্ভাব্য প্রতিযোগীদের প্রস্তুত করে তোলা হবে পাশ্চাত্যের সবচেয়ে আলোচিত প্রতিযোগিতাগুলোর একটি হিসেবে স্বীকৃত ‘এক্স ফ্যাক্টর’-এর জন্য। এ ছাড়া একই ধরনের অন্যান্য অনুষ্ঠানে সাফল্য লাভের মন্ত্রও মিলবে এই কোর্সের পাঠ্যসূচী থেকে। আর এই কোর্সে ভর্তি হওয়ার শর্ত হিসেবে শুধুমাত্র আগ্রহ আর ভালো কিছু করার অনুপ্রেরণার কথাই উল্লে¬খ করেছেন কলেজ কর্তৃপক্ষ। মূলত গত গ্রীষ্মে এই কলেজে আয়োজিত বিশপ অকল্যান্ড মিউজিক ফেস্টিভ্যালে ২০০৯ ও ২০১২ সালের দুই এক্স ফ্যাক্টর বিজয়ী জো এবং জেমস আর্থারের আগমন থেকেই এ ধরনের একটি কোর্সের ধারণা মাথায় আসে কলেজ কর্তৃপক্ষের। আর এরপরই আগ্রহীদের প্রতিভাকে বিকশিত করতে এ ধরনের একটি কোর্স চালু করতে অভিজ্ঞ পারফর্মার ও উপস্থাপকদের সাথে যোগাযোগ শুরু করেন কলেজের উচ্চপদস্থরা। কোর্সের উদ্যোক্তারা জানিয়েছেন গোটা ব্রিটেন জুড়ে নাচ কিংবা গানের উপর বহু কোর্স থাকলেও এক্স ফ্যাক্টরের মতো রিয়েলিটি শো’-এর কথা মাথায় রেখে ডিজাইন করা কোর্স এটিই প্রথম।