এগিয়ে চলেছেন শারাপোভা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২০:২৩
দাপুটে খেলার সুবাদে আরো একটি খেলায় অসহায় প্রতিপক্ষের কাছ থেকে জয় আদায় করে নিলেন মারিয়া শারাপোভা। নিজের দেশে আবারো টুর্নামেন্টের শুরুর দিকেই বিদায় নিতে বাধ্য হলেন নবম বাছাই সামান্থা স্টোসার। অস্ট্রেলিয়ান ওপেনে গতকাল বুধবার এদের খেলার বাইরেও দর্শকদের মধ্যে আলোচনা ছিল সেরেনা উইলিয়ামসের ফিটনেস নিয়ে।
বিশ্বের দুই নম্বর খেলোয়াড় শারাপোভা কাল জাপানি তরুণী মিসাকি ডোইকে কিছুটা টেনিস শিক্ষা দিয়েই তুলে নেন ৬-০, ৬-০ গেমের জয়। এ জয়ে অবশ্য টেনিসের গ্ল্যামার গার্লটি বিপক্ষ হিসেবে পেলেন সাতবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ভেনাস উইলিয়ামসকে।
শারাপোভা প্রথম রাউন্ডেও তার প্রতিদ্বন্দ্বীকে ৬-০, ৬-০ গেমে পরাজিত করেছিলেন। ১৯৮৫ সালে ওয়েন্ডি টার্নবুলের পর অস্ট্রেলিয়ান ওপেনে টানা দুই খেলায় এই ব্যবধানের জয় এই প্রথম। রুশ খেলোয়াড়টি বলেন,‘আমি স্রেফ খেলায় মনোযোগী থাকার চেষ্টা করেছি। প্রতিপক্ষ সম্পর্কে আমি খুব বেশি কিছু জানতাম না। শুধু জেনেছি সে আমার চাইতে কয়েক ইঞ্চি কম উচ্চতার। তারপরও ব্যাপারটা কঠিন। বিশেষ করে যখন কেউ এক সেটে এগিয়ে যায় এবং এই অগ্রযাত্রা ধরে রাখতে বেশ কিছু ব্রেক পয়েন্ট দরকার।
এখন তাকে মোকাবিলা করতে হবে ভেনাসকে যিনি ফ্রান্সের অ্যালিজ কর্নেটকে সরাসরি সেটে হারিয়ে শারাপোভার বিপক্ষে এসে দাঁড়িয়েছেন। উইলিয়ামস দুই বছর ধরে ইনজুরি ও অসুস্থতার সমস্যা বয়ে চলেছেন। র্যাংকিংয়েও অনেক নিচে চলে গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত আবার ২৬ এ উঠে এসেছেন। তিনি জানেন শারাপোভার বিরুদ্ধে তাকে কতটা বাড়তি ঘাম ঝরাতে হবে। এ ব্যাপারে ভেনাস বলেন,‘আমি ড্র দেখেছি, আমি কুসংস্কারে বিশ্বাসী নই। আমি মারিয়ার সাথে খেলবো এবং সবচাইতে ভাল হবে তার বিরুদ্ধে আমি নিজের সেরাটা বের করে আনবো।’
ভেনাসের বোন সেরেনার খেলা আছে আজ বৃহস্পতিবার, প্রতিপক্ষ স্পেনের গ্যারবাইন মুগুরুজার সাথে। কিন্তু সেরেনা ইনডোরে অনুশীলন করায় তার ফিটনেস নিয়ে জল্পনা চলছে। মঙ্গলবার খেলতে গিয়ে তিনি কোর্টে পড়ে গিয়ে গোড়ালিতে আঘাত পান। টুর্নামেন্টের ফেভারিট ও এ পর্যন্ত ১৫ বার গ্র্যান্ড স্ল্যাম জেতা সেরেনা দাবি করেন কেবলমাত্র বড় রকমের কোন ইনজুরিই তাকে দ্বিতীয় রাউন্ডে খেলা থেকে বিরত রাখতে পারে। কিন্তু তিনি তার অনুশীলন রুদ্ধদ্বার এমনকি সাংবাদিকদের কাছেও আড়াল করায়, ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছেন।
অস্ট্রেলিয়ার স্টোসার শেষ পাঁচটি গেম খোয়ানোয় চীনের ঝেং জি’র কাছে হেরে যান ৬-৪, ১-৬, ৭-৫ গেমে। স্বাগতিক দর্শকদের পছন্দের এই খেলোয়াড় চলতি বছরের ব্রিসবেন ও সিডনি টুর্নামেন্টেও প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে বাধ্য হন। কালকের এ হারে মুষড়ে পড়েছেন বলেও জানান তিনি। স্টোসার বলেন,‘যে শব্দই আপনি ব্যবহার করেন না কেন, তৃতীয় সেটে ৫-২ গেমে এগিয়ে থেকেও এভাবে ডাবল ব্রেক পয়েন্টের হারা বেমানান।’
এদিকে চতুর্থ বাছাই অগ্নিয়েস্কা রাডওয়ানস্কা চলতি মৌসুমে তার দুর্নিবার সূচনাকে মেলবোর্নেও সমপ্রসারিত করেছেন। একইভাবে এগিয়ে চলেছেন চীনের লি না ও অ্যাঞ্জেলিক কেরবারও। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামটির প্রাক্কালে প্রস্তুতিমূলক দুই টুর্নামেন্ট অকল্যান্ড ও সিডনিতে শিরোপা জয়ী রাডওয়ানস্কা চলতি বছরে তার একাদশ জয়ের দেখা পান এদিন। রোমানিয়ার ইরিনা ক্যামেলিয়া বেগুকে ৬-৩, ৬-৩ গেমে পরাজিত করেন পোলিশ মেয়েটি। রাডওয়ানস্কা এখন বৃটেনের হিদার ওয়াটসনের মুখোমুখি হবেন। —এএফপি