জ্যাকুলিনের দেশ-বিদেশে ‘রেস-২’

বলিউডের এ সময়ের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দিজ অভিনীত ‘রেস ২’ ছবিটি এখন মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। আসছে ২৫ জানুয়ারি ছবিটি ভারতসহ ৫০টি দেশে মুক্তি পাবে। পরিচালক আব্বাস মাস্তানের এই সিক্যুয়ালটি এরই মধ্যে গান ও প্রমো দিয়ে বেশ আলোচিত হয়ে উঠেছে। এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে জ্যাকুলিন ফার্নান্দিজের ‘লাত লাগ গায়ি’ গানটি। আর সেই স্বার্থেই জ্যাকুলিন নিজ থেকেই একাধিক উদ্যোগ নিয়েছেন ছবিটির ক্যাম্পেইনের জন্য। বিশেষ করে জ্যাকুলিনসহ আরও কয়েকজনের উদ্যোগেই বহু বছর পর ভারতের কোনো ছবি মরক্কো ও ভিয়েতনামে প্রচার হবে। উল্লেখ্য, এই ছবিতে জ্যাকুলিনসহ আরও অভিনয় করেছেন সাইফ আলী খান, অনিল কাপুর, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন ও আমিশা পাটেল। অন্যদিকে, আজকের বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ঢাকায় আসছেন জ্যাকুলিন। এই অনুষ্ঠানেও জ্যাকুলিন পারফর্ম করবেন ‘রেস ২’-এর ‘লাত লাগ গায়ি’ গানটি।