২৪ ঘণ্টা সম্প্রচারের ২য় বর্ষে ‘বেতার বাংলা ইউকে’
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২০:৩৩
বাংলাদেশের বাইরে একমাত্র রেডিও স্টেশন হিসেবে ২৪ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচারের ২য় বর্ষে পদার্পণ করল বেতার বাংলা ইউকে। আগামী ২০ জানুয়ারি রবিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখার উদ্যোগ নিয়েছে বেতার বাংলা পরিবার। এ উপলক্ষে রয়েল রিজেন্সি হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি প্রসঙ্গে বেতার বাংলার প্রধান নির্বাহী নাজিম চৌধুরী বলেন, ‘২০ জানুয়ারির অনুষ্ঠানকে ঘিরে আমাদের রয়েছে আকর্ষণীয় নানান আয়োজন। অনুষ্ঠানটিকে প্রবাসী বাংলাদেশিদের জন্য পরিপূর্ণ বিনোদনমূলক করে সাজানো হয়েছে। এখানে থাকছে ব্রিটেনের প্রায় সকল জনপ্রিয় বাঙালি শিল্পীদের অংশগ্রহণ আর পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশ থেকে এই প্রজন্মের দু’জন জনপ্রিয় শিল্পী। এ ছাড়া ম্যাজিক শো, নৃত্যসহ থাকছে আরও নানা আয়োজন। আশা করি কমিউনিটির সকল স্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হবে।’