ননএমপিও শিক্ষকদের স্কুল বন্ধ করে দেয়ার হুমকি

আগামী ২২ জানুয়ারির মধ্যে দাবি পূরণের সময় দিয়েছেন এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। এ সময়ের মধ্যে দাবি পূরণ করা না হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন তারা। নতুন কর্মসূচি ঘোষণা উপলক্ষে গতকাল বুধবার ননএমপিও শিক্ষকরা ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি এশারত আলী সভায় নতুন কর্মসূচি ও শিক্ষকদের অবস্থান ব্যাখ্যা করেন। এশারত আলী বলেন, আমরা আগামী ২২ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে এমপিওভুক্তির ঘোষণা না এলে প্রয়োজনে প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। তিনি বলেন, অচিরেই স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হলে দুঃখ-কষ্টে দিশেহারা শিক্ষক-কর্মচারীদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা বাড়তে থাকবে। তিনি বলেন, আগামী ২২ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা ওই বৈঠক পর্যন্ত অপেক্ষা করতে চাই। এমপিওর সমাধান না হলে কোনো শিক্ষকই ঢাকা ছেড়ে যাবেন না উল্লেখ করে এ শিক্ষক নেতা বলেন, শুধু প্রধানমন্ত্রীর আশ্বাস পেলেই আমরা কর্মসূচি স্থগিত করব। সংবাদ সম্মেলনে ঘোষণা দেয়া হয়, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে অনশন শেষে মৌনমিছিল নিয়ে জাতীয় সংসদের স্পিকারকে স্মারক-লিপি দেয়া হবে। প্রতিদিনের কর্মসূচি শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি দাবি করেন, গত ৭ জানুয়ারি থেকে শিক্ষক-কর্মচারীদের লাগাতার আন্দোলনে পুলিশের হামলায় দুই শতাধিক শিক্ষক-কর্মচারী আহত হয়েছেন। এমপিওভুক্তির দাবিতে গত ৭ জানুয়ারি থেকে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করছেন কয়েকশ শিক্ষক-কর্মচারী।