নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ঢাবিতে রবিবার মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ-নারী নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলামনাইরা। আগামী রবিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ মানববন্ধনের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন (ডুয়া)। এলামনাই এসোসিয়েশনের মহাসচিব রকীবউদ্দীন আহমেদ জানান, নারী ও শিশু নির্যাতন, হত্যা ও ধর্ষণের বিরুদ্ধে সমাজের বিবেক জাগ্রত করার উদ্দেশ্যে এবং নির্যাতক ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির বিভিন্ন সময়ে সংকটকালে যথাযথ ভূমিকা পালন করেছে। আজকের এদিনেও নিশ্চুপ বসে থাকবে না বিশ্ববিদ্যালয়। সংকট মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধলক্ষাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং আঠারো লক্ষাধিক এলামনাই তাদের অনুসারী ও উত্তরসূরীরা এখনো জাগ্রত রয়েছে। এলামনাই এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক নেতৃত্ব দেবেন। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, এলামনাইসহ সমাজের বিবেকবান ও সচেতন নাগরিকদের প্রতি আহবান জানানো হয়েছে।