কৃষি ব্যাংকের উদ্যোগে কৃতী ছাত্রদের সম্মাননা

ব্যাংকগুলোকে মুনাফা অর্জন ও সেবামূলক কাজ করতে হবে :খাদ্যমন্ত্রী

সোনালী ব্যাংকের কেলেংকারির উদাহরণ টেনে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, ব্যবস্থাপনায় কর্তৃপক্ষের দুর্বলতার কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে। যা পুরো জাতির জন্য কালিমা লেপন করেছে। এ ধরনের ঘটনা রোধ করার পাশাপাশি মানুষের সেবা দিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা আরো উন্নত করার আহ্বান জানিয়েছেন তিনি। মুনাফা অর্জন এবং সেবামূলক দুটি কাজই একত্রে করতে হবে বলেও তিনি মত দেন। মঙ্গলবার বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার্স কল্যাণ সমিতি আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে ঐ অনুষ্ঠানে কৃষি ব্যাংক পরিবারের ২০১০, ২০১১ ও ২০১২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৫ জন ছাত্র-ছাত্রীদের সম্মাননা দেয়া হয়। সমিতির কার্যকরী সভাপতি মো. সোহরাব হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম, অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মো. আমিনুল বাহার, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান খান প্রমুখ বক্তৃতা করেন।