আবদুশ শাকুরের মৃত্যুতে বাংলা একাডেমীর শোক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:০৭
বিশিষ্ট কথাশিল্পী, গবেষক, রবীন্দ্র-বিশেষজ্ঞ ও বাংলা একাডেমীর সম্মানিত ফেলো আবদুশ শাকুরের মৃত্যুতে বাংলা একাডেমীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বাংলা একাডেমীর এক শোক বিবৃতিতে বলা হয়, ‘আবদুশ শাকুরের গল্প-উপন্যাস ও রমণীয় রচনা যেমন বাংলাদেশের কথাসাহিত্যে এক ভিন্ন ধারার সূচনা করেছিল তেমনি ভাষা-সাহিত্য-সমাজ-সংস্কৃতি বিষয়ে তার স্বাতন্ত্র্যমণ্ডিত ভাবনা আমাদের মননচেতনাকে সমৃদ্ধ করেছে।’ তার গোলাপসংগ্রহ, গোলাপনামাসহ নিসর্গচেতন সৃজনকর্ম উভয় বাংলাতেই বিরল। উদ্ভাবনাময় চিন্তা এবং অননুকরণীয় গদ্যভঙ্গির জন্য তিনি সমকালীন বাংলা সাহিত্যে বিশিষ্টতা অর্জন করেছিলেন।
বিবৃতিতে আরো বলা হয়, নিষ্ঠাবান রবীন্দ্র গবেষক হিসেবে রবীন্দ্রজীবন ও সৃষ্টির বহু অজানা অঞ্চলকে তিনি পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছেন। বাংলা একাডেমী পরিকল্পিত চার খণ্ডের রবীন্দ্রজীবন-এর প্রণেতা আবদুশ শাকুরের শূন্যতা পূরণ হবার নয়। তার সম্পন্নকৃত রবীন্দ্রজীবন-এর প্রথমাংশ শীঘ্রই বাংলা একাডেমী থেকে প্রকাশিত হবে। বাংলা একাডেমীর পক্ষ থেকে আবদুশ শাকুরের আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়।