জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকার স্থাপনের প্রয়োজন

রাজধানীর কেন্দ্রস্থল বিশেষ করে যানজটে ভারাক্রান্ত সড়ক ও জনপদসমূহের মধ্যে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনের রাস্তা মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা অন্যতম। এই স্কুল দু’টির সামনের রাস্তায় জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকার জরুরিভিত্তিতে বসানোর প্রয়োজন। কারণ এই দুটি স্কুল যখন ছুটি হয়, তখন বিরাট যানজটের সৃষ্টি হয়। তখন রাস্তা পারাপার হতে গিয়ে অনেক ছাত্র/ছাত্রী ও অভিভাবকগণ প্রায়ই দুর্ঘটনার শিকার হন। এই রাস্তায় দ্রুতগামী গাড়ি অবিরাম চলাচল করে। চলে বাস, মিনিবাস, রিক্সা, প্রাইভেটকার, বড় বড় কাভার্ডভ্যানসহ সব ধরনের যানবাহন। রাজধানীতে দিনের বেলায় ট্রাক বন্ধ থাকলেও কোন লাভ হয় না। কারণ বর্তমানে বেশিরভাগ ট্রাকই কাভার্ডভ্যানে রূপান্তর হয়েছে। তাই রাস্তাটি পার হওয়া যে কত ঝুঁকিপূর্ণ তা একমাত্র ভুক্তভোগী ছাত্র/ছাত্রীরা ও তাদের অভিভাবকরাই জানেন। কিন্তু দুঃখের বিষয়, এই ঢাকা মহানগরীর নামকরা স্কুলেগুলোর মধ্যে এই দু’টি স্কুলও আছে, কিন্তু স্কুলগুলোর সামনে কোন ট্রাফিক পুলিশ নেই, যিনি রাস্তা পারাপারে ছাত্র/ছাত্রীদের সাহায্য করবেন। তারপর কোন জেব্রা ক্রসিং নেই। তাই এই অবস্থায় ওই দু’টি স্কুলের সামনের রাস্তায় জেব্রা ক্রসিং এবং উভয় পাশে স্পিড ব্রেকার জরুরীভিত্তিতে স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মোস্তাক আহমদ, ১০৬, দ. বাসাবো, ঢাকা ১২১৪