রাজশাহীতে আজ থেকে কম্পিউটার প্রযুক্তি মেলা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:১৪
‘দিন বদলের দীক্ষা, প্রযুক্তি আর শিক্ষা’ শীর্ষক শ্লোগানে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) রাজশাহী শাখার আয়োজনে পাঁচ দিনব্যাপী দ্বিতীয় কম্পিউটার প্রযুক্তি মেলা ‘বিসিএস ডিজিটাল এক্সপো রাজশাহী ২০১৩’ আজ বৃহস্পতিবার জেলা জিমনেসিয়ামে শুরু হচ্ছে বিকাল ৩টায়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত। এ মেলায় হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রয় হবে। এর মধ্যে কম্পিউটার, হার্ডওয়ার, নেটওয়ার্ক পণ্য, ল্যাপটপ, শিক্ষামূলক সফটওয়্যার, কার্টুন, গেমস, ওয়েবসাইট উল্লেখযোগ্য। এছাড়া রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, র্যাফেল ড্র, গেম, কার্টুন, ত্রিমাত্রিক অ্যানিমেশন ছবি, প্রদর্শন এবং গুণীজন সংবর্ধনা। এ উপলক্ষে গতকাল নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতি পড়ে শোনান বাংলাদেশ কম্পিউটার সমিতির কেন্দ্রীয় সমন্বয়কারী ও কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান শাহীন।