ক্রিকেট বোর্ডের দিকে আঙ্গুল তুললেন কুম্বলে

জুনিয়র পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট বোর্ডের বয়স নির্ধারণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক অধিনায়ক ও কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) সভাপতি অনিল কুম্বলে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধান এন. শ্রী নিবাসন ও আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী কুম্বলের সঙ্গে মতদ্বৈধতা সৃষ্টি হয়েছে। অতীতে বয়সের বিষয়ে প্রতারণার ঘটনা ঘটায় বোর্ডের কার্যনির্বাহী কমিটির বৈঠকে অনূর্ধ্ব ১৯ দলের বয়স নির্ধারণে বিসিসিআই নির্দেশিত ‘বোন ডেনসিটি’ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন কুম্বলে। বৈঠকে উপস্থিত বিসিসিআইর এক শীর্ষ কর্মকর্তা জানান, ‘কার্যনির্বাহী কমিটির বৈঠকে বিষয়টি উত্থাপন করেন অনিল। তার বক্তব্য হচ্ছে ‘বোন ডেনসিটি’ প্রক্রিয়া পুরোপুরি নির্ভুল প্রমাণিত নয়। এ প্রক্রিয়ায় পক্ষপাতমূলকভাবে অনেক কিছু করার সুযোগ আছে এবং এ বিষয়ে বিকল্প কিছু চিন্তা করার জন্য সভাপতিকে বলেন। তবে সভাপতি জানিয়েছেন, ‘বিদ্যমান প্রক্রিয়াটি যথেষ্ট ভাল এবং তা পরিবর্তন করার দরকার নেই।’ এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে কুম্বলে বলেন, ‘বিষয়টি নিয়ে আমি কোন মন্তব্য করতে চাই না।’ গত বছর প্রথম দিকে ট্যানার হোয়াইট হাউজ-৩ (টিডবি¬উ-৩) পরীক্ষার পর বয়স বেশি প্রমাণিত হওয়ায় মুম্বাই অনূর্ধ্ব ১৬ দলের ১৬ খেলোয়াড়ের মধ্যে ১১ জনই বাদ পড়ে যায়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) দায়িত্ব পালনকালে ড. ভেসে পায়েস টিডবি¬উ-৩ পরীক্ষার সুপারিশ করেন।-বাসস