মাধবপুরে শিক্ষকের খুনীদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৪০
মাধবপুরে ছাতিয়াই বিশ্বনাথ স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক জয়শংকর সরকারের খুনীদের গ্রেফতারের দাবিতে ওই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী গতকাল বুধবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। পুলিশ ১ সপ্তাহের মধ্যে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। জানা গেছে, ১৯ সেপ্টেম্বর ছাতিয়াই বিশ্বনাথ স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক জয়শংকর সরকারকে ছাতিয়াইন গ্রামের জনাব আলীর ছেলে মারুফ প্রাণনাশের হুমকি দিয়ে তার থেকে ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এ ঘটনার কারণে তার মৃত্যু ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত করে। এ ব্যাপারে নিহতের স্ত্রী নিয়তী সরকার ৬ ডিসেম্বর হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট অভিযোগ আমলে নিয়ে মামলাটি এফআইআর রেকর্ডভুক্ত করার জন্য মাধবপুর থানাকে নির্দেশ দেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ মামলার কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। এ কারণে বুধবার সকালে ওই প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী স্কুল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।