আগৈলঝাড়ায় ঝুঁকিপূর্ণ ভবনে সরকারি অফিস

বরিশালের আগৈলঝাড়ার গণপূর্ত অধিদপ্তরের ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে সরকারি অফিসের কাজকর্ম। এ ভবনটি নির্মাণের পর দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় সরকারি ৩টি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লি¬ষ্ট জনগণ জীবনের ঝুঁকি নিয়ে চরম উত্কণ্ঠার মধ্যে কার্যক্রম পরিচালনা করছেন। জানা গেছে, উপজেলা প্রতিষ্ঠার পর ১৯৮৫ সালে এ ভবনটি উপজেলা আদালত ভবন ও হাজতখানা হিসেবে ব্যবহার শুরু হয়। এরপর উপজেলা পরিষদের কার্যক্রম স্থগিত হলে ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে। ফলে ভবনের বিভিন্ন স্থানে প্লাস্টার ধসে বড় বড় ফাটল ধরায় মারাত্মক ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হয়ে পড়েছে। উপজেলা সদরে কোন কার্যালয় ও কার্যক্রমের সুবিধা না থাকায় মাধ্যমিক শিক্ষা অফিস ও সেটেলমেন্ট অফিস ও পল্লী দারিদ্র্য বিমোচনসহ ৩টি অফিসের দাপ্তরিক কার্যক্রম চলছে ভাড়ার বিনিময়ে। গণপূর্ত বিভাগ ভাড়া আদায় করলেও দীর্ঘদিনে তা সংস্কারের কোন উদ্যোগ নেয়নি তারা। সংস্কারের জন্য সংশ্লি¬ষ্ট অফিসগুলো বছরের পর বছর আবেদন করলেও গণপূর্ত বিভাগ কোন ব্যবস্থা নেয়নি। ভবনটির দরজা-জানালা ভাঙ্গা, ছাদের প্লাস্টার উঠে গিয়ে রড বের হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই ভবনের ছাদ দিয়ে পানি পড়ে সেটেলমেন্ট অফিসের গুরুত্বপূর্ণ রেকর্ডের কাগজপত্র নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন থেকে বর্তমান পর্যন্ত ভাংগা দরজা-জানালা ও ছাদে কোন রকমে পলিথিনের কাগজ দিয়ে অফিসের কার্যক্রম চালাচ্ছে। এসব অফিসে কাজের জন্য প্রতিদিন আগত লোকজন চরম আতংক ও ঝুঁকির মধ্য দিয়ে তাদের কাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম তালুকদার জানান, সেটেলমেন্ট অফিস থেকে লিখিতভাবে জানালে গণপূর্ত বিভাগের সাথে আলোচনা করে সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।