কালিয়াকৈরে মাদকের ছড়াছড়ি আইন-শৃঙ্খলার অবনতি

গাজীপুরের কালিয়াকৈরে অবাধে চলছে রমরমা মাদক ব্যবসা ও পুলিশের গ্রেফতার বাণিজ্য। প্রতিদিনই ঘটছে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ কোন না কোন অপরাধ। কয়েকটি সড়কে ডাকাতি ও ছিনতাই ঘটেই চলেছে। ছিনতাই ঠেকাতে থানা পুলিশ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে টহলের ব্যবস্থা করলেও কোন কাজ হচ্ছে না বলে থানার একাধিক কর্মকর্তা স্বীকার করেন। ধারাবাহিক ডাকাতি ও খুনের ঘটনা বেড়েই চলেছে। ৯ জানুয়ারি ভোররাতে কালিয়াকৈর—ধামরাই সড়কের উপজেলার সোনাখালী রেলক্রসিং নামক স্থানে সাংবাদিক বহনকারী প্রাইভেট কারসহ পরপর ৩টি গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। লুট হয় ৫ লক্ষাধিক টাকা মুল্যের বিভিন্ন মালামাল। সেইসাথে ডাকাতের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত হয় ৩ জন। ডাকাতের কবলে পড়া মো. শাহজাহান মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, তাত্ক্ষণিক ডাকাতির বিষয়টি কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল হককে টেলিফোনে জানালেও রহস্যজনক কারণে প্রায় এক ঘণ্টা বিলম্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। মাদকের অবাধ ছড়াছড়ি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অজিত কুমার সাহা। একই সাথে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশ মাদক সেবকদের আটক করলেও মাদক ব্যবসায়ীরা থাকে ধরা-ছোঁয়ার বাইরে। আবার অনেক সময় মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করলেও অর্থের বিনিময়ে তাদের ছেড়ে দেয়া হয় । সূত্র মতে, বৃহত্তর ময়মনসিংহ জেলার শেরপুর, জামালপুর এবং কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী উপজেলা দিয়ে ভারত থেকে চোরাইপথে আনীত বিভিন্ন মাদক নির্বিঘ্নে কালিয়াকৈর শহরে প্রবেশ করে। মাদক পাচারকারীরা বাস, ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজি ও অটোটেম্পুসহ নানা যান্ত্রিক-অযান্ত্রিক যানবাহনে করে চোরাইপথে আনীত এসব মাদক ও মাদকের বিভিন্ন উপকরণ রাজধানীসহ আশপাশের বিভিন্ন শহরে ছড়িয়ে দিচ্ছে। চোরাইপথে আনীত এসব মাদকের কিছু অংশ ধরা পড়লেও রহস্যজনক কারণে অধিকাংশ মাদকই রয়ে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে। আবার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকের সিংহভাগই সোর্সের মাধ্যমে পুনরায় মাদক ব্যবসায়ীদের কাছেই বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে। মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ছে সম্ভ্রান্ত পরিবারের যুবক ও শিক্ষার্থীরা। মাদকের অর্থ যোগান না দেয়ায় মাদকাসক্ত পুত্রের হাতে প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছে অভিভাবকরা। আইন-শৃঙ্খলা পরিস্থিতির এহেন অবনতিতে জনমনে আতঙ্ক বিরাজ করছে।