ইউপি চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলা রায়পুরায় মানববন্ধন

রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী নূর আহম্মেদের উপর বর্বরোচিত সন্ত্রাসীর হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকালে রায়পুরা-রাধাগঞ্জ সড়কে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকল শ্রেণী-পেশার লোকজন। মানববন্ধন শেষে পলাশতলী বাজার মাঠে এক প্রতিবাদ সভা হয়। সভায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন খাকচক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আব্দুল মালেক, প্রধান শিক্ষক আওলাদ হোসেন, কাজী আসাদুর রহমান মিলন, আব্দুল লতিফ খান, মোগল ডাক্তার, জলিল ভুইয়া, এম এ রব প্রমুখ। উল্লেখ্য, গত ৪ জানুয়ারি রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় গুরুতর জখম হন টানা তিনবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান কাজী নূর আহম্মেদ।