খালিয়াজুরি চাকুয়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের সিপিইউ চুরি!

নেত্রকোনার হাওর উপজেলা খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়ন পরিষদ ভবনের তথ্য সেবা কেন্দ্রের মালয়েশিয়ায় কৃষি কর্মী নেবার জন্য যে কম্পিউটারে নাম নিবন্ধন হচ্ছিল সেই কম্পিউটারের সিপিওটি গত সোমবার রাতে চুরি হয়ে যায়। এর ফলে গতকাল মঙ্গলবার সকালে কিছু সময়ের জন্য নিবন্ধন কাজে সমস্যার সৃষ্টি হয়। পরে নেত্রকোনা জেলা প্রশাসক আনিস মাহমুদের ত্বরিত হস্তক্ষেপে একটি দোকান থেকে সিপিও এনে নাম নিবন্ধনের কাজ চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তথ্য সেবা কেন্দ্রের সিপিও চুরি হলেও দ্রুত পদক্ষেপ নেয়ায় নিবন্ধনের কাজের কোন সমস্যা হয়নি। এই ইউনিয়নে গত তিন দিনে মাত্র ৩০৯ জন কৃষি শ্রমিকের নাম নিবন্ধিত হয়। ইউপি চেয়ারম্যান দেওয়ান রহমত আলী জানান, বিদ্যুত্ না থাকায় এবং যাতায়াতের সমস্যা থাকায় অধিক সংখ্যক শ্রমিক তাদের নাম নিবন্ধিত করতে পারেনি।