ফরিদপুরে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরে একটি হত্যা মামলার রায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) আদালতের বিচারক মোঃ বারেকুজ্জামান এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন, ফরিদপুরের মধুখালী উপজেলার গ্যাড়াখোলা গ্রামের সহোদর হান্নান বিশ্বাস (৪০) ও পান্নান বিশ্বাস (৩৮) এবং বনমালিদিয়া গ্রামের জলিল (৩৮)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৪ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভাটিকান্দি নামক স্থানে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে দেলমথুরাপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে মোহাম্মদ আলীকে (৩০) কুপিয়ে হত্যা করে। ওই রাতেই নিহতের ভাই শামসুল হক বাদী হয়ে মধুখালী থানায় ওই তিনজনকে আসামি করে মামলা দায়ের করে। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে বৃহস্পতিবার আদালতের বিচারক অভিযুক্তদেরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।